শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মমতার শুকনা খাল দেখিয়ে দেয়ার রসিকতা মর্মান্তিক ও দায়িত্বহীনতা


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৪.২০১৭


পূর্বাশা ডেস্ক:

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তিস্তা বাদ দিয়ে ৬টি নদী নামক প্রায় শুকনা খাল দেখিয়ে দেয়ার রসিকতা মর্মান্তিক এবং চরম দায়িত্বহীনতা বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান।

গতকাল সোমবার দুপুরে রাজধানীর তোপখানা রোডে বাসদের কেন্দ্রীয় কার্যালয়ে মানবকণ্ঠকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। এ সময় প্রধানমন্ত্রীর ভারত সফরে বাংলাদেশের প্রাপ্তি, দেশের সার্বিক পরিস্থিতির বিষয়, সরকারের সাফল্য ও ব্যর্থতা, আগামী সংসদ নির্বাচন, বর্তমান ইসির অধীনে সুষ্ঠু নির্বাচন হবে কি-না, ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলীয় জোট-২০ দলীয় জোটের সহাবস্থান প্রসঙ্গে, তার দলের পক্ষ থেকে বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগকে ভোটারবিহীন সরকার উল্লেখ করার কারণ, দেশের বনাঞ্চল রক্ষার বিষয় ও ঢাকা শহরে নিত্যদিন লেগে থাকা যানজট কীভাবে মুক্ত করা ইত্যাদি নানা বিষয়ে খোলামেলাভাবে এ প্রতিবেদকের সঙ্গে কথা বলেন বাসদ নেতা খালেকুজ্জামান। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের মানুষের প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে ছিল তিস্তার পানিসহ ৫৪ অভিন্ন নদীর পানি বণ্টন। এই সময়ে তিস্তার পানি সংকট ভয়াবহ রূপ ধারণ করে আছে। এক সময়ে শুষ্ক মৌসুমে ১০ হাজার কিউসেক পানি পাওয়া যেত, সেখান থেকে বর্তমানে ৪০০-৫০০ কিউসেক পানি প্রাপ্তিতে নেমেছে। কিন্তু প্রধানমন্ত্রীর বর্তমান সফরে তিস্তাসহ পানি বণ্টন বিষয়ে আলোচনার কোনো গুরুত্বই ছিল না। তিনি বলেন, বরং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তিস্তা বাদ দিয়ে ৬টি নদী নামক প্রায় শুকনা খাল দেখিয়ে দেয়ার রসিকতা মর্মান্তিক এবং চরম দায়িত্বহীনতা। এর মধ্যে ভারতের কেন্দ্রীয় সরকারের ও রাজ্য সরকারের অজুহাত দেখিয়ে ইঁদুর-বেড়াল খেলা রয়েছে, যা বাংলাদেশকে ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত রাখার অপকৌশল বলা চলে।

দেশের সার্বিক পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, এমন প্রশ্নে খালেকুজ্জামান বলেন, মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনার বিপরীত দিকে দ্রুতগতিতে যাচ্ছে। গত ৪৬ বছরে উল্টো পথে যতদূর গেছে আরো এভাবে চলতে থাকলে গভীর খাদের কাছাকাছি পৌঁছাতে বেশি দেরি হবে না। আইনশৃঙ্খলা ও জঙ্গি দমন বিষয়ে বাংলাদেশের সামাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক বলেন, শাসকশ্রেণিভুক্ত লোকরা যতবেশি আইনের ঊর্ধ্বে উঠবে ততই আইনশৃঙ্খলা ভেঙে পড়বে। যত দুর্নীতিগ্রস্ত হবে বিপরীত মুখে অপরাধ প্রবণতা তত বাড়তে থাকবে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে লাঠিয়াল বাহিনীতে পরিণত করলে দমনের কাজটা ভালো হয়, আইনশৃঙ্খলা রক্ষার কাজটা ভালো হয় না। জঙ্গি বলতে যাদের বুঝানো হচ্ছে তারা বিভ্রান্ত-বিপথগামী। তাদের সুপথে ফিরিয়ে আনার এবং অন্যদের বিভ্রান্তির ফাঁদে পা দেয়ার প্রবণতা রোধ করতে হলে মতাদর্শিক সাংস্কৃতিক সংগ্রাম জোরদার করতে হবে, শুধু সামরিক শক্তির বলে তা নির্মূল করা যাবে না।

আগামী সংসদ নির্বাচন বিষয়ে তিনি বলেন, সরকার জনগণকে না জানিয়ে, বিশেষজ্ঞ মত না নিয়ে, পার্লামেন্ট যে জাতেরই হোক, সেখানেও কোনো আলোচনা না করে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা সাপেক্ষে জাতীয় স্বার্থ ও জাতীয় মতামতের শক্তিতে দরকষাকষির শক্তি অর্জন না করে এমনকি নিজেদের প্রস্তুতিও ভালোভাবে সম্পন্ন না করে যেভাবে চুক্তি করতে গেল এবং ফিরে এলো, তাতে আগামী দিনের সংসদ নির্বাচনে জনগণকে ব্যাপক অংশীদারিত্বে জড়িয়ে যে করবে না তা বললে বেশি বলা হবে না।

বর্তমান ইসির অধীনে আগামী নির্বাচন সুষ্ঠু হবে কি-না এমন প্রশ্নে তিনি বলেন, আমাদের শাসন কাঠামো এবং পরিচালনা পদ্ধতির যে ধরন তাতে সরকারের ইচ্ছার বাইরে নির্বাচন কমিশনের ম্যাজিক দেখানোর মতো কিছু করার থাকে না। আর তাই স্থানীয় পর্যায়ের নির্বাচনের চালচিত্র দিয়ে ক্ষমতা অর্জন-বিসর্জনের ওজন মাপা যায় না। ২০ দলীয় জোট ও ক্ষমতাসীন জোটের বর্তমান রাজনৈতিক সহাবস্থান বিষয়ে খালেকুজ্জামান বলেন, এ দুটি জোট একটি ক্ষমতাসীন ও অন্যটি ক্ষমতা প্রত্যাশী। এদের সহাবস্থান সাময়িক ও কৌশলগত, সাংঘর্ষিক অবস্থানটাই মুখ্য এবং স্থায়ী। এরা একে অন্যের বিনাশের ওপর নিজেদের অস্তিত্ব রক্ষার শর্ত তৈরি করেছে। এদের পক্ষে ক্ষমতা ছাড়া এবং ক্ষমতার বাইরে থাকা দুটিই ঝুঁকিপূর্ণ, অস্বস্তিকর ও আত্মবিনাশী হিসেবে তারা বদ্ধমূল করে নিয়েছে। এদের ঐতিহ্যগত ও কৌশলগত কিছু পার্থক্য থাকলেও নীতিগত অবস্থানের তারতম্য তেমন নেই। তা ছাড়া বুলিসর্বস্ব পার্থক্যের জায়গাগুলোকেও মুছে দিয়ে এক সমান্তরালে প্রবাহিত হয়ে চলেছে। একজন জামায়াত টানলে আরেকজন হেফাজত টানে। এরা ক্ষমতার বাইরে বেসুরো আওয়াজ তোলে আর ক্ষমতায় গেলে একই সুরে গান গায়।

সরকারকে বিভিন্ন সময় আপনারা ভোটারবিহীন উল্লেখ করেন। আবার একটি গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানান। বিষয়টির কী দাঁড়াল- এমন প্রশ্নে খালেকুজ্জামান বলেন, সরকার, সরকারি দল ও জোটের আদর্শহীন কার্যকলাপকে আমরা অনুসরণ করি না। আমরা গণতন্ত্রের মানদণ্ড ও জনগণের প্রত্যাশা পূরণের দাবি তুলি ও কাজ করতে চাই। দেশের বনাঞ্চল রক্ষা করতে আপনাদের অতীতে ভূমিকা সক্রিয় থাকলেও বর্তমানে তা নিষ্ক্রিয় কেন- এমন প্রশ্নে তিনি বলেন, শাসকশ্রেণি রাজনীতি, অর্থনীতি, শিক্ষা-সংস্কৃতি, পরিবেশ প্রকৃতি, বিদেশ নীতি ইত্যাদি সব ক্ষেত্রে নিত্য সমস্যার যে পর্বতপ্রমাণ জট সৃষ্টি করে চলেছে, তাতে একটিকে মোকাবিলা করতে গেলে অন্যটি কিছুটা আড়ালে পড়ে। সুন্দরবন থেকে শুরু করে নদী রক্ষা, দখল, দূষণ প্রতিরোধ সংগ্রাম আমাদের অব্যাহত আছে। কাগজের পাতায় না দেখলে রাস্তায় তাকালেই বোঝা যাবে আমাদের সক্রিয়তা। শক্তি সামর্থ্যরে দূর্বলতার কারণে সব সময়ে আশানুরূপ দৃশ্যমান হয়তো হয় না।

সরকারের উন্নয়ন ও ব্যর্থতা বিষয়ে খালেকুজ্জামান বলেন, সরকারের পুঁজিবাদী উন্নয়ন তৎপরতায় মুষ্টিমেয় একটা লুটেরা গোষ্ঠী ও সুবিধাভোগী কায়েমি স্বার্থবাদী মহল যতটা ওপরে উঠছে, সাধারণ বৃহত্তর জনগোষ্ঠীর সঙ্গে তাদের দূরত্ব ততটাই বাড়ছে। ধনী-দরিদ্রের বৈষম্য বৃদ্ধি সামাজিক ভারসাম্যকে বিনষ্ট করছে, তার প্রতিক্রিয়ায় পরিবারে, সমাজে, রাষ্ট্রে মানবতা, নৈতিকতা, মূল্যবোধের অবক্ষয় ঘটে চলেছে। পদ্মার পানি ও সেতু সমান্তরালে চলছে না, সমরাস্ত্রের ব্যয়ের সঙ্গে মৌলিক ও ভারি শিল্প পাল্লা দিতে পারছে না।

ঢাকা শহরে যানজট নিরসনে প্রসঙ্গে খালেকুজ্জামান বলেন, ভ্রান্ত নীতি, সঠিক পরিল্পনার ঘাটতি, সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের অভাব, অব্যস্থাপনা ও দুর্নীতি যানজট লাঘবের বদলে অসহনীয় করে তুলেছে। শরীরের সব রক্ত মাথায় তোলার নীতিতে নগরায়ন ও রাজধানীর শ্রীবৃদ্ধি অসুস্থতার লক্ষণ। বিকেন্দ্রীকরণ, সঠিক পরিকল্পনা প্রণয়ন, গ্রাম উন্নয়ন ও গ্রাম-শহরের পার্থক্য দূরীকরণের আশু ও সুদূরপ্রসারী কর্মপরিকল্পনা প্রয়োজন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি