
পূর্বাশা ডেস্ক:
চলতি মাসের ৭ তারিখে জাতীয় পার্টি বড় ধরনের জোটের ঘোষণা দেবে বলে জানিয়েছে দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার।
তিনি বলেছেন, ‘ঢাকার প্রাণকেন্দ্রে আগামী ৭ মে বড় ধরণের একটি জোট ঘোষণা করে জাতীয় পার্টি গোটা জাতিকে ঐক্যবদ্ধ করবে। সেই সঙ্গে আগামী নির্বাচনে ৩০০ আসনে মনোনয়ন দিয়ে নির্বাচন করার সিদ্ধান্তও ঘোষণা করবে।’
আজ সোমবার রাজধানীর মাজার রোডের জমিদারবাড়ি ফুটবল মাঠে জাতীয় শ্রমিক পার্টি আয়োজিত মে দিবসের শোভাযাত্রায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
তিনি আরও বলেন, ‘দেশের রাস্তাঘাট যদি কথা বলতে পারত তাহলে বলতো আবার এরশাদকে ক্ষমতায় আনা হোক। জাতীয় পার্টি ক্ষমতায় আসলে দেশে শান্তি ফিরে আসবে। দেশে নৈরাজ্য, সন্ত্রাসবাদ, চাঁদাবাজি হবে না। দেশের সাধারণ মানুষ নিরাপদে থাকবে। ছাত্ররা কলেজ, বিশ্ববিদ্যালয়ে ফিরে যেতে পারবে।’
রুহুল আমিন হাওলাদার আরও বলেন, ‘এরশাদ যদি দেশের নেতৃত্ব দেয় তাহলে দেশের যেখানে সেখানে জেএমবি, জঙ্গি, সন্ত্রাসবাদের আত্মপ্রকাশ ঘটবে না। জনগণের কাছে আমাদের একটি আবেদন হবে আমরা একটি শান্তির নীড় তৈরি করতে চাই। সেখানে আমরা হিন্দু, মুসলমান, মালিক, শ্রমিক, কর্মচারি মিলে একত্রে শান্তিতে থাকব। সবাইকে নিয়ে পৃথিবীর বুকে এটি আধুনিক বাংলাদেশ গড়ব।’
তিনি আরও বলেন, ‘এখন থেকেই তোমরা তোমাদের বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনসহ দেশের সকল জনগণকে বলো তারা যেন আবার এরশাদকে একটা সুযোগ দেয়। তাদের বোঝাও দুই বার তো আওয়ামী লীগ, বিএনপিকে দেখলে অবার একটু এরশাদকে দেখ। তাকে আবার একটু সুযোগ দাও।’
জাতীয় শ্রমিক পার্টির কেন্দ্রীয় সভাপতি মুস্তাকুর রহমান মুস্তাকের নেতৃত্বে মাজার রোডের জমিদারবাড়ি ফুটবল মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে আশপাশেল গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে আবার ফুটবল মাঠে গিয়ে শেষ হয়।
এসময় জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতাকর্মীসহ জাতীয় শ্রমিক পার্টির সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পূর্বাশানিউজ/০১-,মে ২০১৭/রুমকী























































