
পূর্বাশা ডেস্ক:
ভারতে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের তিন বছর পূর্তি হচ্ছে আগামী ২৬ মে। ‘আচ্ছে দিনের’ স্লোগান দিয়ে ২০১৪ সালে বিজেপি তিন দশকের মধ্যে সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে। জনগণের মধ্যে উচ্চ আশা-আকাক্সক্ষার স্বপ্ন দেখিয়ে ক্ষমতা গ্রহণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জনমত জরিপ বলছে, গত তিন বছরে দেশের মানুষের সে স্বপ্ন পূরণে অনেকটাই সফল মোদি। তার সরকারের ওপর সন্তুষ্ট দেশে ৬১ শতাংশ জনগণ। তাই বিশ্লেষকরা বলছেন, এ সাফল্যের ধারাবাহিকতায় আগামী ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপির সামনে শক্তিশালী কোনো প্রতিদ্বন্দ্বী দাঁড়াতে পারছেন না। কংগ্রেস বিরোধী দল থাকছে নামকাওয়াস্তে। গত লোকসভায় পরাজয় কংগ্রেসকে ফেলেছে চরম দুরবস্থায়। খবর ইন্ডিয়া টুডে ও টাইমস অব ইন্ডিয়ার।
সরকারের তিন বছর পূর্তি উপলক্ষে লোকাল সার্কেল নামে একটি সংস্থার জরিপে দেখা যায়, তিন বছরের মাথায় এসে মোদি সরকারের সমর্থন রয়েছে দেশের ৬১ শতাংশ জনগণের। সংস্থাটি দেশের ২০০ স্থানে দুই লাখ লোকের মধ্যে জরিপ চালায়। এর মধ্যে ৩৯ শতাংশ জানায়, সরকার আশানুরূপ কাজ করতে পারছে না। যদিও এ সংখ্যা আগের বছরের জরিপের তুলনায় ৩ শতাংশ বেশি।
এমন পরিস্থিতিতে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যতই দিন যাচ্ছে, মোদি সরকার ভারতের রাজনীতির মাঠে ততই অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে। সরকারের তিন বছর পূর্তি সাড়ম্বরে পালন করতে চলেছেন নরেন্দ্র মোদি। এ উপলক্ষে বর্ষপূর্তির দিন ২৬ মে থেকে ১৫ জুন পর্যন্ত ২১ দিন ধরে রীতিমতো উৎসব চলবে, যার নাম দেওয়া হয়েছে ‘মোদি’ (মেকার অব ডেভেলপড ইন্ডিয়া)। এ উৎসবে উপলক্ষে প্রধানমন্ত্রী মোদির হাতে লেখা দুই কোটি চিঠির কপি সরবরাহ করা হবে দেশবাসীর মধ্যে। পাঠানো হবে ১০ কোটি খুদে বার্তা। উৎসব চলবে দেশের ৯০০ শহরে।
এসব উৎসব আয়োজনের অবশ্য সমালোচনা করেছেন বিরোধী দল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী। তিনি বলেছেন, এনডিএ সরকারের তিন বছর মানে তো ‘প্রতিশ্রুতি ভঙ্গ’ ছাড়া আর কিছু নয়। তাহলে ধুমধাম করে এ কিসের উদযাপন হচ্ছে? রাহুল টুইট বার্তায় বলেন, দেশের লাখ লাখ তরুণ চাকরির জন্য হাপিত্যেশ করছেন, কৃষকরা আত্মহত্যা করছেন, সীমান্তে প্রাণ বিসর্জন দিচ্ছেন সেনা জওয়ানরা। তাহলে সরকার ঠিক কিসের উদযাপন করছে? আরেক টুইটে রাহুল বলেন, এ তো প্রতিশ্রুতি ভঙ্গ, অকর্মণ্যতা ও জনগণের রায়ের প্রতি বিশ্বাসঘাতকতার তিন বছর।
পূর্বাশানিউজ/১৭-,মে ২০১৭/মাহি
























































