
পূর্বাশা ডেস্ক:
ভারতের সেরা প্রধানমন্ত্রীদের কথা উঠল এখনও অনেকেই সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কথাই বলে থাকেন। আবার পাকিস্তানকে শায়েস্তা করার ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী এবং বিজেপি নেতা অটলবিহারী বাজপেয়ীকে এগিয়ে রাখতে চান কেউ কেউ।
ওদিকে মুক্ত অর্থনীতির জন্য রাজীব গান্ধীর জনপ্রিয়তাও কম নয়। কিন্তু তাঁদেরকে সবাইকে ছাপিয়ে একটা বিষয়ে অন্তত এগিয়ে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রীতিমতো কৃতিত্বের অধিকারী তিনি।
কী সেই কৃতিত্ব ?
জনসংযোগকে একটি অন্য মাত্রায় নিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। এ কথা ঠিক যে পূর্বতন প্রধানমন্ত্রীদের আমলে, সোশ্যাল মিডিয়ার মতো শক্তিশালী প্ল্যাটফর্ম ছিল না। কিন্তু থাকলেই যে সকলে তা পূর্ণমাত্রায় ব্যবহার করতে পারেন তা তো নয়। সেই নিরিখে বর্তমান প্রধানমন্ত্রী অনেকটাই এগিয়ে। এই মুহূর্তে টুইটারে তাঁর অনুগামীর সংখ্যা ৩০ মিলিয়নেরও বেশি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা চলে যাওয়ার পর, তিনিই এই মুহূর্তে টুইটারে যে সবথেকে জনপ্রিয় রাজনীতিবিদ, তা বলার অপেক্ষা রাখে না। এক্ষেত্রে তাঁকে ছাপিয়ে গিয়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতে প্রধানমন্ত্রীর পরেই সবথেকে বেশি জনপ্রিয়র তালিকায় আছেন অভিনেতা অমিতাভ বচ্চন। আর গোটা টুইটারে সবথেকে জনপ্রিয় এখনও কেটি পেরি। তাঁর অনুগামীর সংখ্যা ৯৮ মিলিয়নেরও বেশি।
এ সবই অবশ্য শুকনো তথ্য। আসলে প্রধানমন্ত্রী হিসেবে জনসংযোগে রীতিমতো বিপ্লব এনেছেন প্রধানমন্ত্রী। বর্তমান সময়ের ট্রেন্ড ফলো করেই সোশ্যাল মিডিয়াকে তিনি যোগাযোগের মাধ্যম করে তুলেছেন। যে সময় তরুণ প্রজন্ম সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই বিভিন্ন ইস্যু তুলে ধরতে পছন্দ করে, সমাধানও চায় সেখানে, সেই সময়ে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়াকেই তাঁর মুখপত্র করে তুলেছেন প্রধানমন্ত্রী। নিজের মতাদর্শের কথা তো তিনি জানানই।
পাশাপাশি দেশবাসীর কাছে তাঁর কী প্রত্যাশা তাও জানাতে কসুর করেন না। শুধু তাই নয়, যদি কেউ দেশের জন্য ভাল কাজ করেন তবে সে খবর রিটুইটও করেন তিনি। এমনকী তাঁকে ফলো করতেও দ্বিধা করেন না। এই কাজই তাঁকে জনপ্রিয় করে তুলেছে। ২০১৪ সালে তাঁর অনুগামী সংখ্যা যত ছিল, তা বেড়েছে আশাতীতভাবে। টুইটারের দেওয়া তথ্য অনুযায়ী, ভারত সম্পর্কে এখন এই সোশ্যাল নেটওয়ার্কিই সাইটে বেশি বেশি করে কথা হচ্ছে। এবং তাঁর অন্যতম কারণ প্রধানমন্ত্রী স্বয়ং। সন্দেহ নেই, এর আগেই অন্যান্য প্রধানমন্ত্রীও জনসংযোগ করেছেন। তবে সোশ্যাল মিডিয়াকে যেভাবে কাজে লাগিয়েছেন মোদি, তাতে এ কৃতিত্ব তাঁরই প্রাপ্য।
পূর্বাশানিউজ/২৮-,মে ২০১৭/মাহি
























































