
দেশের মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানরত মোট শিক্ষক ২ লাখ ৪৩ হাজার ৫৫৩ জন। এর মধ্যে কোনো ধরনের প্রশিক্ষণ ছাড়াই শ্রেণিকক্ষে পাঠদান করছেন ৭১ হাজার ৭০২ জন শিক্ষক। এ হিসাবে মাধ্যমিক পর্যায়ের প্রায় ৩০ শতাংশ শিক্ষক এখনো অপ্রশিক্ষিতদের তালিকায় রয়েছে বলে বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) তথ্যমতে জানা গেছে।
পর্যাপ্ত ও প্রশিক্ষিত শিক্ষকের অভাবে অনেক সময় শিক্ষার্থীদের যথাযথ পাঠদান সম্ভব হয় না। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে না পারায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থী ঝরে পড়ার হারও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।
সরকারি হিসাব অনুযায়ী, প্রাথমিকে ভর্তি হওয়া শিশুদের ২০ শতাংশই পঞ্চম শ্রেণি শেষ করার আগে ঝরে পড়ে। মাধ্যমিকে গিয়ে ঝরে পড়ার এ হার দাঁড়ায় ৪০ শতাংশেরও বেশি। আর উচ্চমাধ্যমিক সম্পন্ন না করে ঝরে পড়ছে প্রায় ২১ শতাংশ শিক্ষার্থী। এ হিসাবে দেশের শিক্ষা ব্যবস্থায় ঝরে পড়ার হার সবচেয়ে বেশি মাধ্যমিক পর্যায়ে।
এদিকে শিক্ষার মান হতাশাজনক হওয়ার জন্য দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষকের অভাবকেই প্রধান বাধা হিসেবে দেখছেন শিক্ষাবিদরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জানান, টেকসই উন্নয়নের ভিত্তি হলো শিক্ষা। শিক্ষার প্রতিটি ধাপেই শিক্ষকদের প্রশিক্ষণ গ্রহণ অত্যাবশ্যক। শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ছয় মাসের প্রশিক্ষণ বাধ্যতামূলক করা প্রয়োজন। পাশাপাশি নিয়োগের পর শিক্ষকদের ধারাবাহিকভাবে প্রশিক্ষণ দিতে হবে। কেননা শিক্ষা প্রতি মুহূর্তেই আপগ্রেড হয়।
পূর্বাশানিউজ/০৪-জুন,২০১৭/রুমকী

























































