শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বর্ণবাদী মন্তব্য করায় বহিষ্কৃত ব্রিটিশ এমপি


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্য বের হয়ে  আসার বিষয়ে আয়োজিত এক মুক্ত আলোচনায় ‘বর্ণবাদী মন্তব্য’ করায় দেশটির ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির পার্লামেন্ট সদস্য অ্যানি মেরি মরিসকে বহিষ্কার করা হয়েছে।লন্ডনভিত্তিক নীতি-গবেষণা প্রতিষ্ঠান ‘পলিটেইয়া’ আয়োজিত ওই অনুষ্ঠানে সোমবার বিতর্কিত ওই মন্তব্য করে বসেন মরিস।

মুক্ত আলোচনায় ব্রেক্সিটের পক্ষে গণভোটের পর দুই বছর পার হয়ে গেলেও ইউরোপীয় ইউনিয়নেরর সঙ্গে এখনো কোনো চুক্তি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন মরিস।

নিউটন অ্যাবট এলাকার এমপি অ্যানি মরিস মুক্ত আলোচনায় বলেন, ”মাত্র ৭ শতাংশ অর্থনৈতিক সেবাদাতা প্রতিষ্ঠানে ব্রেক্সিটের প্রভাব পড়তে পারে। ব্রেক্সিটের দুই বছর হয়ে গেলেও এখনো এনিয়ে কোনো চুক্তি হয়নি। এটা অনেকটা ‘নিগার ইন দ্য উড’- এর মতো।”

‘নিগার ইন দ্য উড’ প্রবাদটি ঊনবিংশ ও বিংশ শতাব্দীতে কৃষ্ণাঙ্গ দাসদেরকে তাচ্ছিল্য করে বলা হতো।প্রবাদটি ব্যবহারের পর থেকে মরিসকে বহিষ্কারে ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মেকে চাপ দেন বিরোধী মতাবলম্বীরা। এরপরই কনজারভেটিভ পার্টির এক চিঠিতে অ্যানিকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করা হয়।

বহিষ্কারের ঘোষণার পর প্রধানমন্ত্রী তেরেসা বলেন, ‘আমি তার এই মন্তব্য শুনে মর্মাহত। এ ভাষা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। চিফ হুইপকে বলেছি মরিসকে বরখাস্ত করতে। রাজনীতিতে এ ধরনের মন্তব্যের কোনো জায়গা নেই, এমনকি আজকের এই সমাজেও নয়।’

অ্যানি মরিস বিবিসিকে বলেন, ‘এই মন্তব্য তার অনিচ্ছাকৃত ভুল।’ এর  জন্য ক্ষমাও চেয়েছেন তিনি।

পূর্বাশানিউজ/১১ জুলাই ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি