
দেশের সন্ত্রাসপ্রবণ এলাকায় বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে এরই মধ্যে বেশ কিছু এলাকা চিহ্নিত করা হয়েছে। আইন মন্ত্রণালয় বিষয়টি নিয়ে কাজ করছে। সন্ত্রাসীদের দ্রুত ও কার্যকর বিচারের জন্য এ উদ্যোগ নেয়া হচ্ছে। এছাড়া সন্ত্রাসে অর্থায়ন ও মানিলন্ডারিং অপরাধ বিচারের জন্য বিশেষ জজ নিয়োগেরও পরিকল্পনা করা হচ্ছে। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জাতীয় সমন্বয় কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। সন্ত্রাসপ্রবণ এলাকায় বিশেষ ট্রাইব্যুনাল গঠনের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোঃ রাজি হাসান আলোকিত বাংলাদেশকে বলেন, এগুলো সরকারের বিষয়, সরকারের সিদ্ধান্ত। চিহ্নিত এলকায় দ্রুত বিচারের জন্য যদি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয় তাহলে নিশ্চয়ই সেটি ভালো হবে। সন্ত্রাসীদের দ্রুত কার্যকর বিচারের জন্যই উদ্যোগগুলো নেয়া হচ্ছে। আইন মন্ত্রণালয় বিষয়টি দেখছে। আর সন্ত্রাসে অর্থায়ন রোধ এবং মানিলন্ডারিং প্রতিরোধেও আমরা বিভিন্ন উদ্যোগ নিচ্ছি। মানিলন্ডারিং মামলায় বিচারের পরিমাণ বাড়ছে। মানিলন্ডারিং প্রতিরোধের গতি বাড়ছে। বিশেষ জজ নিয়োগ হলে এ গতি আরও বাড়বে, সফলতা আসবে দ্রুত।
একই ব্যাপারে যোগাযোগ করা হলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সচিব মোঃ ইউনুসুর রহমান অবশ্য অন্যভাবে ব্যাখ্যা করেন। তিনি বলেন, মানিলন্ডারিং, সন্ত্রাসে অর্থায়ন কিংবা সন্ত্রাস দমনে সরকার জিরো টলারেন্সে আছে। তবে বিশেষ ট্রাইব্যুনালগুলো গঠন করা হবে মামলার জটের কারণে। জেনারেল কোর্টে মামলা জটের কারণে এসব মামলার রায় পেতে অনেক সময় লাগে। তাছাড়া গুরুত্বও কম পায়। এজন্য দেশের কিছু এলাকায় বিশেষ ট্রাইব্যুনাল গঠন করার পরিকল্পনা করা হচ্ছে। তবে কোন কোন এলাকায় বিশেষ ট্রাইব্যুনাল গঠন করার পরিকল্পনা রয়েছে তা প্রকাশ করতে রাজি হননি তিনি। তিনি বলেন, যেসব এলাকায় মামলার জট কম, সেসব এলকায় বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হতে পারে। আইন মন্ত্রণালয় বিষয়টি নিয়ে কাজ করছে। মানিলন্ডারিং অপরাধ বিচারে বিশেষ জজ নিয়োগেও আইন মন্ত্রণালয় কাজ করছে বলে জানান তিনি।
সূত্র জানায়, দেশের বেশ কয়েকটি এলাকাকে সন্ত্রাসপ্রবণ বা অপরাধপ্রবণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এগুলো হলো সাতক্ষীরা, চাঁদপুর, নোয়াখালী, চট্টগ্রাম, ফেনী, রাজশাহী, গাইবান্ধা, বগুড়া, ময়মনসিংহ, সিলেটসহ বেশ কয়েকটি এলাকাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর রয়েছে বিশেষ নজরদারি। এলাকাগুলোর নাম সরকারের প্রভাবশালী গোয়েন্দা সংস্থার প্রতিবেদনেও উঠে এসেছে। প্রাথমিকভাবে এর মধ্যে কয়েকটি জেলায় বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হতে পারে। জাতীয় সমন্বয় কমিটির বৈঠকে বিষয়গুলো বিশদভাবে আলোচনা হয়েছে। বৈঠকে বলা হয়েছে, সন্ত্রাসীদের দ্রুত বিচার করতে দেশের প্রয়োজনীয় এলাকায় বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা দরকার। সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ২৮(১) ধারা মোতাবেক এসব এলাকায় বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা যেতে পারে। এ ব্যাপারে উদ্যোগ নিতে আইন মন্ত্রণালয়কে দায়িত্ব দেয়া হয়েছে। সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ২৮(১) ধারায় বলা হয়েছে— সরকার, সরকারি গেজেট দ্বারা এই আইনের অধীন সংঘটিত অপরাধের দ্রুত ও কার্যকর বিচারের উদ্দেশ্যে এক বা একাধিক সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনাল গঠন করতে পারবে। বৈঠকে সন্ত্রাসে অর্থায়ন ও মানিলন্ডারিং প্রতিরোধে বিশেষ উদ্যোগের সিদ্ধান্ত হয়। এক্ষেত্রে এসব অপরাধ বিচারের জন্য বিশেষ জজ নিয়োগের সিদ্ধান্ত হয়। বলা হয়, বিশেষ জজ নিয়োগ দেয়া হলে বিচারের প্রক্রিয়া আরও ত্বরান্বিত হবে। সন্ত্রাসে অর্থায়ন ও মানিলন্ডারিং প্রতিরোধে আরও গতি আসবে। মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৯(২) ধারার বিধান মোতাবেক বিশেষ জজ নিয়োগ দেয়া হবে। এ বিষয়েও আইন মন্ত্রণালয়ের ওপর দায়িত্ব দেয়া হয়েছে।
মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন মামলায় আসামিরা নিম্ন আদালত থেকে জামিনে বা খালাস পেয়ে অনেক সময় নিরুদ্দেশ হয়ে যায় বলে বৈঠকে আলোচনা করা হয়। বলা হয়, এসব আসামির ওপর নজরদারির প্রয়োজনীয়তা রয়েছে। তাই নজরদারিসহ সেসব মামলার আপিলের বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে হবে। এজন্য অ্যাটর্নি জেনারেল অফিসকে অবহিত করতে হবে। মামলার নথি চলাচল ডিজিটালাইজড করতে হবে যাতে অ্যাটর্নি জেনারেল অফিস তা পর্যবেক্ষণ করতে পারে।
বৈঠকে জানানো হয়, ২০১৮-২০ মেয়াদে বাংলাদেশকে এশিয়া প্যাসিফিক গ্রুপ অন মানিলন্ডারিংয়ের (এপিজি) কো-চেয়ার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। বাংলাদেশের সঙ্গে কো-চেয়ার হিসেবে থাকবে অস্ট্রেলিয়া। বিষয়টি বাংলাদেশের জন্য গর্বের। এটি নিয়ে সন্তোষ প্রকাশ করেন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মোঃ ইউনুসুর রহমান। তিনি বলেন, হলি আর্টিজানের ঘটনার পর আমরা একটা ধাক্কা খেয়েছিলাম। কিন্তু এপিজির কো-চেয়ার নির্বাচিত হওয়ার মাধ্যমে আমরা আবারও ফিরে এসেছি। এখন আন্তর্জাতিক বিভিন্ন মিটিং বা ফোরামে যাতায়াত করতে হবে বেশি। সন্ত্রাসে অর্থায়ন, মানিলন্ডারিংসহ সন্ত্রাসী কার্যকলাপ রোধে বাংলাদেশের উন্নতি, কর্মকা- আন্তর্জাতিক মহলে তুলে ধরতে হবে। তিনি বলেন, হলি আর্টিজান কা-ে আমরা এপিজির বার্ষিক সম্মেলন বাংলাদেশে করতে পারিনি। আশা করছি, ২০১৯-২০ সাল নাগাদ আমরা আবারও একটি বড় সম্মেলন আয়োজন করতে পারব।
১২ জুলাই ২০১৭/রুমকী






















































