
সৌদি আরবের সরকারি স্কুলগুলোতে আগামী শিক্ষাবর্ষ থেকে মেয়েদের জন্য শারীরীক শিক্ষা চালু করা হবে। শিক্ষামন্ত্রী গত মঙ্গলবার এই ঘোষণা দেন। এটি হবে দেশটিতে দীর্ঘ প্রতিক্ষিত একটি সংস্কার কার্যক্রম।
সৌদি আরবে নারীদের জন্য শারীরীক শিক্ষা একটি বিতর্কিত বিষয়। সেখানে রক্ষণশীলরা মনে করেন, মেয়েদের জন্য শারীরীক শিক্ষা শালীন বিষয় নয় আর এটা বাধ্যতামূলকও নয়। বেশিরভাগ সরকারি স্কুলে মেয়েদের শারীরীক শিক্ষা দেয়া হয় না।
দেশটির শুরা কাউন্সিলের সদস্য লিনা আলমাইনা বলেছেন, “ক্রীড়াই ক্ষমতায়ন। এটি একটি ঐতিহাসিক ঘোষণা।” লিনা জেদ্দা উইনাইটেড নামে নারীদের একটি বাস্কেটবল ক্লাব গঠন করেছেন যেটি সৌদি আরবে নারীদের প্রথম স্পোর্টস ক্লাব।
সৌদি আরবের সরকার সাম্প্রতিক সময়ে দেশটিতে পর্যায়ক্রমে কিছু সংস্কার কার্যক্রম চালিয়ে যাচ্ছে যাতে করে নারীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে এবং তারা শ্রমশক্তিতে অংশগ্রহণ করতে পারছে।
শুরা কাউন্সিল ২০১৪ সালে মেয়েদের জন্য শারীরীক শিক্ষা চালু করার বিষয়টি অনুমোদন করে। কিন্তু ধর্মীয় নেতাদের বিরোধিতার কারণে এতদিন এটি চালু করা হয়নি। এছাড়া চলতি বছর শুরা কাউন্সিল নারীদের জিমে যাওয়ার অধিকার দিয়েছে।
১২ জুলাই ২০১৭/মাহি
























































