শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ঘোমটা দিয়ে খবর পড়লেন উপস্থাপিকা!


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

সম্প্রতি ভারতের হরিয়ানার রাজ্য সরকার বলেছে, নারীকে ঘোমটাই পরে থাকতে হবে। কারণ এটি রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য বলে এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

সরকারের এমন ব্যতিক্রমী সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব উপায়ে হরিয়ানার নারী সংবাদ উপস্থাপক প্রতিমা দত্ত ওড়না দিয়ে পুরো মুখ আবৃত করে টেলিভিশনে সংবাদ পাঠ করেন।

প্রতিমা জানান, তিনি বিজেপি শাসিত রাজ্য সরকারের ওই আদেশের প্রতিবাদে এমনটি করেছেন। তিনি বলেন, ‘রাজ্য সরকার আমাদের নারীদের ‘ঘুংঘট’ পরার নির্দেশ দিয়েছে। এটা নাকি আমাদের রাজ্যের সংস্কৃতি! খবরটি পড়ে আমি হতভম্ব হয়ে গেছি। আমি এর সঙ্গে একমত নই।’

এদিকে ঘোমটা দিয়ে সংবাদ উপস্থাপনের এই ছবি ক্রমে ভাইরাল হয়ে যায়। কমনওয়েলথ গেমসে সোনা বিজয়ী হরিয়ানার নারী কুস্তিগির গীতা ফোগাত বলেন, এটা হলো নারীদের পিছিয়ে দেওয়ার চেষ্টা। এসব আইন অর্থহীন।

ঘোমটা দিয়ে খবর পাঠ করার ওই ঘটনা ঘটেছে ২৯ জুন। খবরটি প্রথমে ততটা সাড়া না জাগালেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যাওয়ার পর এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তবে আদেশদাতা রাজ্য সরকারের পক্ষ থেকে এখনও এ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানানোর খবর জানা যায়নি।

পূর্বাশানিউজ/১৬ জুলাই ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি