শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দুর্নীতির অভিযোগে ইরানের প্রেসিডেন্ট রুহানির ভাই গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির ছোট ভাই হোসেইন ফেরেদোউনকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। গত রোববার ইরানের বিচার বিভাগ এ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে। প্রেসিডেন্ট রুহানির ভাই হোসেইনের বিরুদ্ধে একাধিক তদন্ত চলছে। দুর্নীতির দায়ে তার সঙ্গে জড়িত আরো কয়েকজন এখন কারাগারে রয়েছে। ইরানের বিচার বিভাগের ডেপুটি চিফ গোলামহোসেন মোহসেনি এজেইয়ি এক টেলিভিশন সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান।

গোলামহোসেন মোহসেনি এজেইয়ি বলেন, প্রেসিডেন্ট রুহানির ভাইয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখার জন্যে একাধিক তদন্ত চলছে। শনিবার তাকে জামিন দেওয়া হলেও জামিনের শর্ত পূরণ করতে ব্যর্থ হওয়ায় তাকে কারাগারে পাঠানো হয়। জামিন হলে তিনি মুক্তি পাবেন। তার বিরুদ্ধে বিচার চলবে। হোসেইন ফেরেদোউন প্রেসিডেন্ট হাসান রুহানির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এর আগে ইরানের জেনারেল ইন্সপেকশন অর্গানাইজেশনের প্রধান নারস সিরাজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। তার এক বছর পর হোসেইনকে গ্রেফতার করা হল। ইরানের রক্ষণশীল রাজনীতিবিদরা হোসেইনের বিচারের দাবি জানিয়ে আসছিলেন। বিনা সুদে ঋণ নেওয়া ছাড়াও একজন ব্যাংক পরিচালককে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে হোসেইনের বিরুদ্ধে। ওই ব্যাংক পরিচালকের বেতন অতিরিক্ত হওয়ায় প্রেসিডেন্ট রুহানি তাকে বরখাস্ত করেন।

পূর্বাশানিউজ/১৭ জুলাই ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি