
পূর্বাশা ডেস্ক:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বাম ধারার কয়েকটি রাজনৈতিক দল জোটবদ্ধ হতে যাচ্ছে । যদিও দলগুলোর দাবি নির্বাচন বড় কথা নয় জনমুখী কর্মসূচি বাস্তবায়ন করতেই এই জোট গঠন করছেন তারা।
আসছে জাতীয় নির্বাচনকে ঘিরে সরব হয়ে ওঠেছে রাজনীতি । গেলো মে মাসে ৫০টির বেশি দল নিয়ে সম্মিলিতি জাতীয় জোটের ঘোষণা দেন এরশাদ। রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল আর বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট । এরই মধ্যে জোটবদ্ধ নির্বাচনের বিষয়ে আলোচনা শুরু হয়েছে বাম দলগুলোর মধ্যে।
১৬ জুলাই সিপিবি, বাসস ও গণতান্ত্রিক বামমোর্চার মধ্যে একটি সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয় । এই বৈঠকে একটি ট্রাস্ট কমিটি গঠনের মধ্য দিয়ে ভবিষ্যতে জোটগত ভাবে আন্দোলন পরিচালনা , নির্বাচনমুখী কর্মসূচি নিয়ে আলোচনা হয় ।
বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান বলেন , তবে একে নির্বাচনমুখী রাজনীতি না বলে রাজপথের আন্দোলকে আরো শক্তিশালী করার কৌশল হিসেবে দেখছেন। তিনি বলেন, এখন যারা ক্ষমতায় আছে বা যারা ক্ষমতায় আসার প্রত্যাশী তারা বর্তমান অবস্থার উন্নতি করতে পারবে না । তাই এটা হচ্ছে একটি বিকল্প রাজনৈতিক শক্তি।
গণতান্ত্রিক আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, এই জোটে আরো রাজনেতিক দল যুক্ত হবে কিনা তা নির্ভর করছে ভবিষ্যত কর্মসূচিতে রাজপথে সে দলগুলোর সরব উপস্থিতির ওপর।
আর সাকির মতে সরকার ও নির্বাচন কমিশনের এখন প্রধান কাজ সুষ্ঠু নির্বাচন পরিচালনার মধ্য দিয়ে জনগণের মধ্যে আস্থা ফিরিয়ে আনা । এছাড়া আগামী নির্বাচনে নির্বাচন কমিশনের রোডম্যাপকে রুটিন ওয়ার্ক বলে মনে করেন খালেকুজ্জামান।
১৮/০৭/২০১৭/ Choity.

























































