শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সরকারি জমিতে দোকান: ভাড়া তুলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ঢাকার আশুলিয়ার খেজুরটেক এলাকায় সরকারি জমিতে টিনের চালা দিয়ে রাস্তার পাশে গড়ে তোলা হয়েছে ২৫টির মতো দোকান। তবে  এসব দোকান থেকে ভাড়া আদায় করছেন স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় সভাপতি মোশাররফ হোসেন।

এলাকাবাসী ও ব্যবসায়ীরা জানান, স্থানীয় পাথালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশাররফ হোসেন দুই বছর আগে এসব দোকানপাট নির্মাণ করে ভাড়া দিয়েছেন। দোকানগুলো নির্মাণের পরপরই সেখানে ‘বঙ্গবন্ধু হকার্স মার্কেট’ ব্যানার ঝুলিয়ে দেন তিনি।

দোকান-মালিক মোসলেম উদ্দিন বলেন, মাস ছয়েক আগে পাঁচ হাজার টাকা জামানত দিয়ে তিনি দোকানটি ভাড়া নিয়েছেন। ওই দোকানের জন্য তাকে ১ হাজার ৪০০ টাকা মাসিক ভাড়া দিতে হয়।

ব্যাটারিচালিত ইজিবাইকের চালক মো. হান্নান বলেন, সড়ক ঘেঁষে দোকানপাট তোলায় খেজুরটেকের ওই এলাকায় (যেখানে অবৈধভাবে দোকানপাট নির্মাণ করা হয়েছে) যান চলাচল বাধাগ্রস্ত হয়। বিশেষ করে সকালের দিকে বাজার চলমান থাকার সময় লোকজনের ভিড়ের কারণে অনেক সময় যানজটের সৃষ্টি হয়।

তবে পাথালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশাররফ হোসেন বলেন, তারা পৈতৃক সূত্রে ওই জমির মালিক। তাই ওই জমির ওপর দোকান তুলে ভাড়া দিয়েছেন। এছাড়া জমিতে বঙ্গবন্ধুর নামে ব্যানার সম্পর্কে তিনি বলে , ‘যেহেতু আমি দল করি, তাই বঙ্গবন্ধুর নামেই মার্কেটটির নামকরণ করা হয়েছে। আর দলীয় কর্মীদের পুনর্বাসনের জন্য এসব দোকান থেকে ভাড়া আদায় করা হয়।’

এলাকাবাসীসহ আশেপাশের লোকজনের অভিযোগ, ওই এলাকায় মোশাররফদের কোনো জমি নেই। বিশেষ করে পাকা সড়কের উভয় পাশের ৫ থেকে ১০ ফুট চওড়া ব্যক্তিমালিকানার কোনো জমি থাকার কথা নয়।

স্বেচ্ছাসেবক লীগ ঢাকা জেলার (উত্তর) সাধারণ সম্পাদক সায়েম মোল্লা বলেন, দলের কোনো নেতার বিরুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা দলের নামে সরকারি জমি দখলের অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

পূর্বাশানিউজ/২৫ জুলাই ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি