
পূর্বাশা ডেস্ক:
একটি গোষ্ঠী নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘৭৫-র খুনি ও তাদের ধারক বাহকরা এখনো বাংলাদেশে সক্রিয় রয়েছে।’
শুক্রবার (৪ আগস্ট) সকালে কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, ‘৭৫-র খুনিরা সংবিধানের বাইরে বাংলাদেশকে ঠেলে দিয়েছিল, তারা মুক্তিযুদ্ধকে নির্বাসনে পাঠিয়েছিল, তাদেরই ধারক-বাহক বিএনপি জামায়াত এখনো দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে।’
‘গণতান্ত্রিক দেশ হলে হাইকোর্টের রায়ের পর সরকার পদত্যাগ করতো’ মির্জা ফখরুলের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবিধানের কোনো আইন হাইকোর্টের মাধ্যমে বাতিল হলে, সেখানে সরকারের পদত্যাগের কোনো সম্পর্ক নেই। সংবিধানের কোনো আইনের বিষয়ে সমস্যা থাকলে আদালতের মাধ্যমে সমাধান হচ্ছে। সেখানে সরকারের পদত্যাগের প্রশ্নই উঠে না।
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক জহির রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার সহিদ হাসান, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ দলীয় নেতাকর্মীরা।
২০১৭/রুমকী

























































