
পূর্বাশা ডেস্ক:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি আমাদের পদত্যাগ করতে বলে। গত আট বছরে আট মাসের জন্যও রাস্তা গরম করতে পারেননি। উত্তাপ সঞ্চার করতে পারেননি। এই ব্যর্থতার জন্য আপনাদের টপ টু বটম সবার পদত্যগ করা উচিত।’
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেলে শেখ কামালের ৬৮তম জন্মদিন উপলক্ষে শুক্রবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর বৃহস্পতিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক অনুষ্ঠানে বলেন, ‘সভ্য ও গণতান্ত্রিক’ দেশ হলে সরকার ওই রায়ের পর পদত্যাগ করতো।
মির্জা ফখরুলের এই বক্তব্যের প্রতিক্রিয়া শুক্রবার ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা আন্দোলনে ব্যর্থ হয়ে টেমস নদীর ধারে বসে ক্ষমতায় আসার চোরা গলি খুঁজছে।
তিনি বলেন, বিএনপি বারবার আন্দোলনের ডাক দেয় কিন্ত মরা গাঙ্গে জোয়ার আসে না। এই মরা গাঙ্গে জোয়ার কবে আসবে কেউ জানে না।
তরুণ সমাজকে শেখ কামালের আদর্শ অনুসরণ করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বাঙালি তরুণদের জন্য শেখ কামাল রোল মডেল। ৪২ বছর পরেও শেখ কামালকে কেউ কলঙ্কিত করতে পারেনি। তাই তরুণদের উচিৎ শেখ কামালের আদর্শ অনুসরণ করা।’
তিনি বলেন, আজকে দেশে প্রমাণিত বঙ্গবন্ধু পরিবারই সৎ রাজনীতির প্রতীক। বঙ্গবন্ধু পরিবারই সৎ ও সাহসী রাজনীতির প্রতীক। চরিত্র হননের ছোরা দিয়ে এই পরিবারকে প্রশ্নবিদ্ধ করা যাবে না।
ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের সঞ্চালনায় সভায় আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য র আ ম ওবায়দুল মুক্তাদির চৌধুরী এমপি, সাবেক রাষ্ট্রদূত মমতাজ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি আবিদ আল হাসান এবং সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স প্রমুখ বক্তব্য দেন।
২০১৭/রুমকী

























































