শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দেশের ৭% কিশোর-কিশোরী আত্মহত্যাপ্রবণ!


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বাংলাদেশের ১৩-১৭ বছর বয়সী কিশোর-কিশোরীদের মধ্যে ৭ শতাংশই  আত্মহত্যাপ্রবণ। গত ১২ মাসে বাংলাদেশের ৭ শতাংশ কিশোর-কিশোরী এক বা একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছে। এছাড়া আত্মহত্যার পরিকল্পনা করেছে ৮ শতাংশ কিশোর-কিশোরী। আর আত্মহত্যার বিষয়টি ভাবনায় এনেছে ৫ শতাংশ কিশোর-কিশোরী।

দেশের মোট জনগোষ্ঠীর ১০ দশমিক ২ শতাংশই বয়ঃসন্ধিক্ষণে থাকা কিশোর-কিশোরী। ১৩-১৭ বছর বয়সী ১ হাজার ১৭৯ জন কিশোর ও ১ হাজার ৬৯৫ জন কিশোরীর ওপর জরিপ চালিয়ে গবেষণা প্রতিবেদনটি তৈরি করেছে ডব্লিউএইচও। গবেষণায় অংশগ্রহণকারীদের সবাই বিভিন্ন স্কুলের শিক্ষার্থী।

ডব্লিউএইচওর প্রতিবেদনে বিগত ১২ মাসে বাংলাদেশে কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য সমস্যার বিভিন্ন উপসর্গের মধ্যে একাকিত্ব, উদ্বিগ্নতা ও নির্ভার হওয়ার মতো ঘনিষ্ঠ বন্ধু না থাকার কথা উল্লেখ করা হয়েছে।

বলা হয়েছে, উদ্বিগ্নতার কারণে ১৩-১৭ বছর বয়সী কিশোর-কিশোরীদের মধ্যে ৫ শতাংশ রাতে ঘুমাতে বেগ পেয়েছে। একাকিত্বে ভোগার হার আরও বেশি, ১১ শতাংশ। নির্ভার হওয়ার মতো ঘনিষ্ঠ বন্ধুর অভাব বোধ করে ৮ শতাংশ কিশোর-কিশোরী। ডব্লিউএইচওর তথ্যমতে, মেয়েদের (৯ শতাংশ) তুলনায় বেশি একাকিত্বে ভোগে ছেলেরা (১২ শতাংশ)। যদিও নির্ভার হওয়ার মতো ঘনিষ্ঠ বন্ধুর অভাব ছেলেদের (৭ শতাংশ) তুলনায় মেয়েরা (১১ শতাংশ) বেশি বোধ করে।

এছাড়া ধূমপান, তামাক ও মাদক সেবনের কারণেও কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব পড়ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যা কখনো কখনো তাদের আত্মহত্যাপ্রবণ করে তুলছে।

জরিপে অংশ নেয়া ৫৩ শতাংশ কিশোর-কিশোরী মনে করে, তাদের সমস্যা ও ভাবনাগুলো অভিভাবকরা বুঝতে চায় না। একইভাবে ৫৭ শতাংশ কিশোর-কিশোরী অবসরে কী কাজ করে, অভিভাবকরা তার খবর জানে না। আর ৪৬ শতাংশ কিশোর-কিশোরীর স্কুলের হোমওয়ার্ক নিয়ে তাদের অভিভাবকরা কোনো খোঁজখবর করেন না।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাসরীন ওয়াদুদ বলেন, ‘কৈশোরে আত্মহত্যাপ্রবণতার মূল কারণ সন্তানের সঙ্গে মা-বাবার দূরত্ব। কর্মব্যস্ততার কারণে অনেক অভিভাবকই সন্তানদের সময় দিতে পারেন না। তেমন খোঁজখবরও রাখেন না। উল্টো সন্তানের কাছে তাদের প্রত্যাশা থাকে আকাশছোঁয়া। একদিকে মা-বাবার সঙ্গে দূরত্ব, অন্যদিকে তাদের প্রত্যাশার ভারে অনেক ছেলেমেয়েই খেই হারিয়ে ফেলছে। এদেরই কেউ কেউ আত্মহত্যার চেষ্টা করে।’

পুলিশের এআইজি (মিডিয়া) সহেলী ফেরদৌস বলেন, বেশির ভাগ ক্ষেত্রে ঘটনা ঘটার পর আমরা আত্মহত্যার বিষয়টি জানতে পারি। তখন তো আর কিছু করার থাকে না। তবে কখনো কখনো আত্মহত্যাপ্রবণ ব্যক্তি বা কিশোর-কিশোরীকে আমরা চিহ্নিত করে তাদের প্রয়োজনীয় পরামর্শ দেয়ার চেষ্টা করি। এছাড়া উপজেলা পর্যায়ে নারী ও শিশুদের জন্য আমাদের বিশেষ ইউনিট থেকেও এ বিষয়ে পরামর্শ ও সহযোগিতা দেয়া হয়।

পূর্বাশানিউজ/0৬ আগষ্ট ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি