
পূর্বাশা ডেস্ক
বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি করেছে অস্ট্রেলিয়া। বলা হয়েছে, এখানকার নিরাপত্তা পরিস্থিতি অনিশ্চিত। রয়েছে উচ্চ মাত্রায় সন্ত্রাসী হামলার ঝুঁকি। পশ্চিমা টার্গেটগুলো জঙ্গি হামলার লক্ষ্যে পরিকল্পনায় থাকতে পারে। এ ছাড়া জুলাই মাসে মশাবাহিত চিকুনগুনিয়া ভাইরাসের বিস্তার ঘটেছে। এক্ষেত্রে বাংলাদেশ সফরের বিষয়টি নতুন করে বিবেচনা করতে বলা হয়েছে অস্ট্রেলিয় নাগরিকদের। অস্ট্রেলিয়া সরকারের ভ্রমণ সতর্কতায় এসব কথা বলা হয়েছে। ৭ই আগস্ট এ সতর্কতা আপডেট করা হয়েছে। যেসব স্থান সন্ত্রাসীদের টার্গেট বলে পরিচিত সেসব স্থান সফরের বিষয় বিবেচনা করতে বলা হয়েছে। এমন টার্গেটে রয়েছে বাণিজ্যিক, পাবলিক এলাকা। আদালত, বিদেশী সরকারের স্থাপনা, বাণিজ্যিক প্রতিষ্ঠান, সামরিক ও পুলিশের স্থাপনা, দূতাবাস, হোটেল, ক্লাব, রেস্তোরাঁ, বার, স্কুল, মার্কেট, শপিং সেন্টার, ব্যাংক, উপাসনালয়, রাজনৈতিক র্যালি, সিনেমা হল, অবকাশ যাপন কেন্দ্র, সাংস্কৃতিক অনুষ্ঠান, জন পরিবহন, বাস টার্মিনাল, রেল স্টেশন, ঐতিহাসিক স্থানগুলো সহ সরকারি বিভিন্ন অফিস। এতে গত ২৪ শে মার্চ ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি চেকপয়েন্টে আত্মঘাতী বোমা হামলার কথা বলা হয়েছে। তুলে ধরা হয়েছে ২০১৬ সালের ১ ও ২রা জুলাই গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রসঙ্গ। এ হামলায় দু’পুলিশ সদস্যকে হত্যা করা হয়। জিম্মি করা হয় ২০ জনকে। এর বেশির ভাগই বিদেশী। পরে তাদেরকে হত্যা করা হয়। এর দায় স্বীকার করে ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লিভ্যান্ট (আইসিল বা আইএস)। এতে বলা হয়, ২০১৫ সালের সেপ্টেম্বরের শেষের দিক থেকে বাংলাদেশে ভয়াবহ কিছু সন্ত্রাসী হামলা হয়েছে। এর অনেকগুলোর দায় স্বীকার করেছে আইসিল ও আল কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাব কন্টিনেন্টাল (একিউআইএস)। এ অবস্থায় স্থানীয় নিরাপত্তা বিষয়ক কর্তৃপক্ষ রয়েছে উচ্চ সতর্কতায়। একই সঙ্গে সন্ত্রাসী হর্মকা-ের পরিকল্পনা করছিল এমন সন্দেহজনকদের গ্রেপ্তার অব্যাহত রাখা হয়েছে। এখনও সন্ত্রাসী হামলার ঝুঁকি বিদ্যমাল। এ অবস্থায় নিজের চোখমুখ খোলা রেখে, পূর্বাহ্নেই সতর্কতা বৃদ্ধি করে চলাচল করতে বলা হয়েছে অস্ট্রেলিয়ার নাগরিকদের। বাংলাদেশে কর্মরত অস্ট্রেলিয় সরকারের কর্মকর্তাদের বলা হয়েছে, বিদেশীরা যান এমন সব উচ্চ পর্যায়ের শপিং সেন্টারে না যেতে। কর্মকর্তাদের শুধু গাড়িতে চলাচল করতে পরামর্শ দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা নিয়মিতভাবেই ঘটে। হরতাল, প্রতিবাদ, বিক্ষোভ, সড়ক অবরোধ, যুদ্ধাপরাধের বিচার ও এমন সব ঘটনায় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়া হয়েছে। বলা হয়েছে, এগুলোকে কেন্দ্র করে পরিস্থিতি সহিংস হয়ে উঠতে পারে।
৭ আগস্ট ২০১৭/ Choity.

















































