
পূর্বাশা ডেস্ক:
মাত্র দুই সপ্তাহে মিয়ানমারের রাখাইন থেকে দেশটির সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের হত্যাযজ্ঞ, নির্বিচারে গণধর্ষণ ও নির্যাতনে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা মুসলমানের সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে গেছে। এখন জাতিসংঘ আশঙ্কা করছে এ সংখ্যা ৩ লাখ ছাড়িয়ে যেতে পারে। আল-জাজিরা
একই সঙ্গে জাতিসংঘের কর্মকর্তারা রোহিঙ্গা শরণার্থীদের জরুরি খাদ্য সরবরাহের ক্ষেত্রে তহবিল সংকটের কথাও জানিয়েছেন। কক্সবাজারে জাতিসংঘের উদ্ধার তৎপরতায় জড়িত কর্মীরা বলেছেন, রোহিঙ্গাদের খাবার সহ অন্যান্য সহায়তা দেওয়ার ক্ষেত্রে তাদের হিমশিম খেতে হচ্ছে। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের কর্মকর্তা দিপন ভট্টাচার্য বলেন, যেভাবে রোহিঙ্গা মুসলমানরা আসছেন তাতে তাদের সংখ্যা দিন কয়েকের মধ্যেই ৩ লাখ ছাড়িয়ে যেতে পারে।
দিপন ভট্টাচার্য বলেন, তারা একমাস যাবৎ স্বাভাবিক খাদ্য সরবরাহের বাইরে আছে। পুষ্টিহীনতার কবলে পড়েছে তারা। পালিয়ে এসে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা ভীষণভাবে ক্ষুধার্ত। সীমান্ত পাড়ি দিয়ে ছাড়াও তারা নৌকায় করেও আসছে। বিপুল জন¯্রােতের মত তাদের সংখ্যা বাড়ছে। তাদের মাথা গোঁজার কোনো ঠাঁই নেই। খাবার ও পানি তাদের পৌঁছে দেওয়া হচ্ছে।
জাতিসংঘের আরেক কর্মী জানান, মিয়ানমার সেনাবাহিনী এখনো রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। এর ফলে তাদের পালিয়ে আসার সংখ্যা হু হু করে বাড়ছে।
৭ সেপ্টেম্বর ২০১৭/ রুমকী






















































