শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৯.২০১৭

পূর্বাশা ডেস্ক:

একটি দেশের উন্নতির ক্ষেত্রে শিক্ষা ব্যাপক প্রভাবকের ভূমিকা পালন করে। এজন্যই বলা হয়ে থাকে, শিক্ষাই জাতির মেরুদন্ড। আশাপ্রদ সংবাদ হলো, বাংলাদেশে শিক্ষায় ক্রমেই দৃষ্টিগ্রাহ্য অগ্রগতি সাধিত হচ্ছে। বুধবার (৬ সেপ্টেম্বর) প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বাংলাদেশে বর্তমানে সাক্ষরতার হার ৭২.৩ শতাংশে দাঁড়িয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী সাক্ষরতার এ হার স্থির হয়েছে। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত সভায় মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকারের নানামুখী কর্মসূচির কারণে আগের তুলনায় সাক্ষরতার হার উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।’ মন্ত্রীর বরাতে আরও প্রকাশ, দেশের বিদ্যমান নিরক্ষর জনগোষ্ঠীকে কার্যকর জীবনদক্ষতাভিত্তিক সাক্ষরতা প্রদান করার জন্য উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় সম্পূর্ণ সরকারি অর্থায়নে ‘মৌলিক সাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা)’ বাস্তবায়ন করা হচ্ছে। নিঃসংশয়ে বলা যায়, শিক্ষা বিস্তারে সরকারের ইতিবাচক ভূমিকা সাক্ষরতা বৃদ্ধিতে সহায়ক হয়েছে। আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে বাংলাদেশের এ অর্জন মাইলফলকই বলতে হবে।
প্রতি বছর ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস বাংলাদেশে সরবে পালিত হয়ে থাকে। দিবসটি উপলক্ষে স্মারক ডাক টিকিট অবমুক্তকরণ, ক্রোড়পত্র ও স্মরণিকা প্রকাশ, পোস্টার তৈরি, শোভাযাত্রা, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সড়কদ্বীপ সজ্জিতকরণ, গোলটেবিল বৈঠক ও টেলিভিশন টকশো আয়োজন করা হয়। ফলে এ দিবসের গুরুত্ব সামাজিক জীবনে প্রতিফলিত হয়। আমাদের দেশে বিভিন্ন পর্যায়ে শিক্ষার প্রতি বিনিয়োগ ও অনুরাগ দুই-ই বাড়ছে। এক্ষেত্রে সাক্ষরতা দিবসের একটি ভূমিকা রয়েছে।
এবার দিবসটির প্রতিপাদ্য হলো ‘সাক্ষরতা অর্জন করি, ডিজিটাল বিশ্ব গড়ি।’ ব্যক্তি ও জাতীয় উন্নয়নে সাক্ষরতা অর্জন অনিবার্য। কারণ সাক্ষরতা অর্জনের মাধ্যমে মানুষের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি পায়, মানুষ সচেতন হয়, স্বনির্ভর হয়, দেশে জন্মহার এবং শিশু ও মাতৃমৃত্যুর হার হ্রাস পায়, স্বাস্থ্যসূচকের উন্নয়ন ঘটে, গড় আয়ু বৃদ্ধি পায়, অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটে। সর্বোপরি পরিবার, সমাজ, দেশ তথা পৃথিবীতে একটি সুখী-সমৃদ্ধ ও শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণে সাক্ষরতার কোনো বিকল্প নেই।
মন্ত্রীর বরাতে প্রকাশ, দেশে বর্তমানে ৪৫ লাখ বয়স্ক নিরক্ষর রয়েছেন। এছাড়া এখনও উল্লেখযোগ্য সংখ্যক শিশুর পক্ষে বিদ্যালয়ে প্রবেশ সম্ভব হচ্ছে না। এ অবস্থার আশু পরির্বতন জরুরি। কারণ সব নিরক্ষর জনগোষ্ঠীকে সাক্ষর করতে না পারলে দেশের কাক্সিক্ষত উন্নয়ন সম্ভব হবে না। এদিকে জাতিসংঘের এসডিজির সব লক্ষ্য পূরণে শিক্ষা মূল ভূমিকা রাখবে বলে বলা হয়েছে। তাই সাক্ষরতা কর্মসূচিকে আরও বেগবান করে জাতিকে প্রকৃত ও বাস্তবানুগ শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে।

৮ সেপ্টেম্বর ২০১৭/ রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি