
পূর্বাশা ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমারের রাখাইন রাজ্যে সশস্ত্র বিদ্রোহ তৎপরতার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, নেপিডোর এ দমন প্রক্রিয়াও প্রতিবেশী বাংলাদেশের জন্য সমস্যার সৃষ্টি করছে।প্রধানমন্ত্রী বলেন, এর আগে মিয়ানমারে (রাখাইন রাজ্য) সংঘটিত (পুলিশ চেকপোস্টে হামলা সম্পর্কিত খবর) বাংলাদেশ কখনও সমর্থন করে না। আঞ্চলিক জোট বিমসটেকের বিদায়ী মহাসচিব সুমিথ নাকানদালা বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করতে এলে শেখ হাসিনা এ কথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। খবর বাসসের।
শেখ হাসিনা বলেন, ‘যে প্রক্রিয়ায় মিয়ানমার সরকার প্রতিক্রিয়া দেখাচ্ছে, তা বাংলাদেশের জন্য সমস্যার সৃষ্টি করছে।’
প্রেস সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদের প্রশ্নে এটাকে সমসাময়িক বৈশ্বিক সমস্যা হিসেবে উল্লেখ করে বলেছেন, এ ভয়াবহতার বিরুদ্ধে সব দেশকে একসঙ্গে কাজ করতে হবে।’ মিয়ানমারসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সমন্বয়ে গড়ে উঠেছে দ্য বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক)। নাকানদালা বলেন, ‘বিমসটেক সদস্য দেশগুলো ১৪টি আর্থসামাজিক খাতে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করছে এবং তারা পরিবহন ও যোগাযোগের উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।’ তিনি কৃষি সহযোগিতা সম্প্রসারণে এ খাতে মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠানের ওপর গুরুত্বারোপ করেন। তিনি আয়ুর্বেদিক ও ইউনানীর মতো প্রচলিত ওষুধের উন্নয়নেও গুরুত্বারোপ করেন। প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ এ অঞ্চলের উন্নয়নে বিমসটেকের ওপর গুরুত্বারোপ করে। কারণ তার সরকার এ অঞ্চল থেকে দারিদ্র্য ও ক্ষুধা নির্মূলে কাজ করছে।’ তিনি বলেন, ‘এ অঞ্চলের দেশগুলো উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। তবে আরও এগিয়ে যেতে হবে।’
প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব সুরাইয়া বেগম বৈঠকে উপস্থিত ছিলেন।
শিল্পায়নের ওপর জোর দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী বলেছেন, তার সরকার দেশের বৃহৎ জনগোষ্ঠীর কর্মসংস্থানের জন্য দ্রুত শিল্পায়নের প্রতি গুরুত্বারোপ করেছে। তিনি বলেন, মৌলিক চাহিদাগুলো পূরণ এবং জনগণের কর্মসংস্থান সৃষ্টিই মূল লক্ষ্য, আর কর্মসংস্থান সৃষ্টির জন্য শিল্পায়নটা অত্যন্ত জরুরি।
বৃহস্পতিবার ইউনিডোর মহাপরিচালক লি ইয়ং প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংকালে প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেনের (ইউএনআইডিও-ইউনিডো) মহাপরিচালক বাংলাদেশকে তার অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়নের ধারায় সহযোগিতা করতে আগ্রহ ব্যক্ত করেন। এ সময় বঙ্গবন্ধুর সময়ে গৃহীত ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু শিল্প খাতকে সরকারি ও বেসরকারি উভয় খাতে এবং সমবায়ের মাধ্যমে বিকাশের উদ্যোগ নিয়েছিলেন। তার সরকারও সে পদাঙ্ক অনুসরণ করেই এগিয়ে যাচ্ছে। তার সরকার বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকৃষ্ট করতে বেসরকারি খাতকে উন্মুক্ত করে দিয়ে বিভিন্ন আকর্ষণীয় সুযোগ-সুবিধাদি প্রদান করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার সারা দেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলে সেখানে বিনিয়োগের জন্য প্লট বরাদ্দ করছে। চাইলেই এর সুযোগ নিয়ে বিনিয়োগকারীরা সেখানে নিজস্ব শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে পারেন। তিনি বলেন, তার সরকার স্থানীয় পণ্যের ওপর ভিত্তি করে একটি এগ্রো বেজড শিল্প প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠান গড়ে তোলার একটি পরিকল্পনাও বাস্তবায়ন করছে এবং বর্তমানে দেশে-বিদেশে পাট শিল্পের চাহিদার কারণে পাটপণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণকে উৎসাহিত করছে।
বাংলাদেশ তার বৃহৎ জনসংখ্যা নিয়েই পণ্য বাজারজাতকরণের একটি সম্ভাবনাময় ক্ষেত্র এবং ক্রমেই এর অভ্যন্তরীণ বাজার সম্প্রসারিত হচ্ছে এবং পার্শ্ববর্তী দেশগুলোতে বাজার সম্প্রসারণের জন্য এটি এরই মধ্যে বিবিআইএন (বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, নেপাল) এবং বিসিআইএম (বাংলাদেশ, চীন, ইন্ডিয়া, মিয়ানমার) নেটওয়ার্কে সংযুক্ত হয়েছে। তার সরকার শিল্প খাতের জন্য দক্ষ জনশক্তি গড়ে তোলায় গুরুত্বারোপ করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যে কারণে দেশে অনেক কারিগরি এবং প্রকৌশল শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলেছে। সারা দেশ এখন ইন্টারনেট সংযোগের আওতায় আসায় শিল্পায়ন আরও বিকশিত হচ্ছে। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের প্রশংসা করে লি ইয়ং বলেন, যে কোনো দেশের জন্যই বৃহৎ এ জনসংখ্যা চ্যালেঞ্জস্বরূপ হলেও বাংলাদেশের এ জনসংখ্যার মধ্যে একটি বড় অংশ তরুণ সমাজ হওয়ায় এটি দেশটির জন্য অমিত সম্ভাবনার সৃষ্টি করেছে। বাংলাদেশকে অবশ্যই এ ডেমোগ্রাফিক ডেভিডেন্ডের সুবিধা নিতে হবে উল্লেখ করে তিনি বলেন, তরুণদের প্রশিক্ষণ, অরও বেশি করে এগ্রো বেজড শিল্প স্থাপন এবং পণ্যেও মানোন্নয়ন ঘটাতে হবে। এ বিষয়ে ইউনিডো বাংলাদেশকে সবরকম সহায়তা দিতে প্রস্তুত বলেও তিনি উল্লেখ করেন। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. গওহর রিজভী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম এবং অস্ট্রিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর এ সময় উপস্থিত ছিলেন।
৮ সেপ্টেম্বর ২০১৭/ রুমকী






















































