শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


শেখ হাসিনাকে হত্যা চেষ্টার খবর বিভ্রান্তিমূলক : পিএমও


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৯.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ভারত ও বাংলাদেশের কিছু গণমাধ্যমে প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টার যে ‘সংবাদ’ প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। একই সঙ্গে ‘সংবাদটিকে’ বিভ্রান্তিমূলক বলেও উল্লেখ করা হয়েছে।

রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাননীয় প্রধানমন্ত্রীর উপর গত ২৪ অগাস্ট তারিখে হামলার খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন, বিভ্রান্তিমূলক এবং উদ্দেশ্যপ্রণোদিত।

শনিবার (২৩ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮-তে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, আগস্টের ২৪ তারিখে শেখ হাসিনার নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) কয়েকজন সদস্য দিয়ে তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। এর সঙ্গে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশও (জেএমবি) জড়িত। কিন্তু শেখ হাসিনার কাছের কয়েকজন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাউন্টার টেররিজম ইউনিটের কয়েকজন কর্মকর্তার প্রচেষ্টায় সে পরিকল্পনা ব্যর্থ হয়।

প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব আশরাফুল আলম খোকন এই বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠিয়েছেন।

তার আগে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি আমির হোসেন আমুও সাংবাদিকদের বলেছিলেন,এই খবরের সত্যতা পাননি তারা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন। জাতিসংঘে সাধারণ অধিবেশনে গত বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ভাষণ দেন তিনি।

প্রকাশিত ওই প্রতিবেদন অনুযায়ী, চার সপ্তাহ আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে ধারাবাহিক বোমার বিস্ফোরণ ঘটিয়ে শেখ হাসিনাকে হত্যার চক্রান্ত করেছিল জেএমবি জঙ্গিরা। বাংলাদেশ ও ভারতের জঙ্গি-সন্ত্রাসবিরোধী কর্মকর্তারা তা ভেস্তে দেন।

ভারতের গণমাধ্যমে এই খবর আসার পর আলোচনার মধ্যে বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের ভাষ্য পাওয়া গেল।

সেপ্টেম্বর ২৪, ২০১৭/ রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি