শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ফরিদপুরে ৯ অগ্নিকাণ্ড, আতঙ্কে হিন্দু ধর্মাবলম্বীরা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৯.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ও আড়পাড়া গ্রামে দুই দিনে ৯টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এরমধ্যে ৭টিই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে হিন্দু ধর্মাবলম্বীদের কেন্দ্র করে। দুর্গা পূজার আগে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত হয়ে আছেন তারা। জেলার পূজা উদযাপন পরিষদের নেতারা বাড়িগুলো ঘুরে দেখার পর সাংবাদিকদের জানিয়েছেন, দূর্গা পূজার আগে একসাথে এতগুলো আগুনের ঘটনাকে এখন আর শুধু দুর্ঘটনা বলার সুযোগ নেই। যদিও আইনশৃঙ্খলা বাহিনী লোকজনের দাবি, তারা যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করেছেন।

শুক্রবার মধ্যে রাতে ডুমাইন ইউনিয়নের চন্দন মন্ডল, নিকুঞ্জন, অমল কৃষ্ণ মালো, হারুন মোল্লা এবং আড়পাড়া ইউনিয়নের অজিত বালা, অন্তত সরকার ও বিপুল সিকদারের পাটখরির গাঁদা ও গোয়াল ঘরে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। এছাড়া শনিবার রাতে ডুমাইনের ভেল্লা কান্দি ফজলুল রহমান মোল্লা ও আড়পাড়ার রাজধরপুরের কেরামত আলীর বাড়ির পাশে একইভাবে পাটখরির গাঁদায় আগুন দেয়া হয়। আগুনে পুঁড়ে গেছে ৬ টি পাটখরির গাঁদা, ২ টি গোয়াল ঘর ও ১টি বসত ঘরের একাংশ। এতে আতঙ্কিত ঐ এলাকার মানুষ।

এলাকাবাসী বলছে, ৬ টি পাটখরির গাঁদায় আগুন লাগার পর এলাকার লোকজন আগুন নেভাতে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসের লোকদের খবর দেয়া হয়। পরে তারা এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এলাকার লোকজন মনে করছেন, একসাথে এতগুলো জায়গায় আগ্নিকাণ্ডের ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলার সুযোগ নেই।

ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুরশিদ আলম মাসুম বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বেচ্ছাসেবক, গ্রাম পুলিশসহ আমরা সবাই মিলে পাহারার অব্যহত রেখেছি।

এদিকে শনিবার ক্ষতিগ্রস্থ এলাকা ঘুরে দেখেছেন মধুখালী পূজা উদযাপন পরিষদের নেতারা।

ফরিদপুর মধুখালী পূজা উদযাপন পরিষদের সভাপতি সুবাস রায় বলেন, আমরা মনে করি কিছু দুষ্কৃৃতিকারী লোক এসব ঘটনা ঘটেছে। সামনে পূজাকে উপলক্ষ্য করে এগুলো করতে পারে।

ফরিদপুর মধুখালী উপজেলার নির্বাহীর কর্মকর্তা বেগম লুৎফান্নাহার বলেন, এই ঘটনার পর থেকে সজাগ রয়েছে প্রশাসন। কাল রাত থেকে পাহারা দিচ্ছে। যারা পাহারা দিচ্ছে তাদেরকে আমরা টচলাইট, বাঁশি দিয়েছি।

এই ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। তবে এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় অন্যান্য আইনশৃঙ্খালা বাহিনীর সাথে কাজ করছে পুলিশ।

পূর্বাশানিউজ/২৫সেপ্টেম্বর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি