শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আইনমন্ত্রীর পদত্যাগ চাইলেন গয়েশ্বর


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.১০.২০১৭

পূর্বাশা ডেস্ক:

প্রধান বিচারপতি এস কে সিনহার ছুটি নিয়ে আইনমন্ত্রী আনিসুল হক মিথ্যাচার করেছেন- এমন অভিযোগ তুলে তার পদত্যাগ   দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

 শ‌নিবার বি‌কে‌লে রাজধানীর সেগুনবাগিচায় স্বাধীনতা হল মিলনায়তনে এক আলোচনা সভায় এ দাবি জানান তিনি। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ ‘বিচার বিভাগ ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভাটি আয়োজন করে।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, আইনমন্ত্রী বলেছিলেন প্রধান বিচারপতি অসুস্থ, তাই তিনি এক মাসের ছুটি চেয়েছেন। কিন্তু বিদেশ যাওয়ার প্রাক্কালে প্রধান বিচারপতি সাংবাদিকদের বলেছেন, তিনি সম্পূর্ণ সুস্থ। এমন মিথ্যাচারের অভিযোগে আমরা আইনমন্ত্রীর পদত্যাগ দাবি জানাচ্ছি।’

বিচার বিভাগকে পুরোপুরি কুক্ষিগত করতে সরকার প্রধান বিচারপতিতে জোর করে দেশত্যাগে বাধ্য করেছে বলে অভিযোগ করেন গয়েশ্বর চন্দ্র। তিনি বলেন, ‘প্রধান বিচারপতিকে নিয়ে যত নাটকই হোক না কেন, দেশের মানুষ সবই বোঝে।’

মানুষের শেষ আশ্রয়স্থল বিচার বিভাগ পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে চলে গেলে দেশের চলমান সংকটের আর উত্তরণ ঘটবে না বলে আশঙ্কা প্রকাশ করে গয়েশ্বর বলেন, ‘তাই দেশ ও দেশের মানুষের স্বার্থে যেকোনো মূল্যে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করতে হবে।’

আয়োজক সংগঠনের সহসভাপতি শফিকুল ইসলাম রাহীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক কাদের গনি চৌধুরী, ফাহিমা হোসাইন জুবিলী, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফৌজুল কবির ফজলু প্রমুখ।

পূর্বাশানিউজ/১৫অক্টোবর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি