শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পরমাণু ইস্যুতে প্রতিশ্রুতি মেনে চলছে ইরান: আইএইএ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.১০.২০১৭

 


পূর্বাশা ডেস্ক:

পরমাণু সমঝোতার অধীনে ইরান যে প্রতিশ্রুতি দিয়েছিল তা মেনে চলছে বলে আবারও নিশ্চিত করেছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র প্রধান ইউকিয়া আমানো। এক্ষেত্রে ইরানের ভূমিকায় সন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি।

ইরানের সঙ্গে পারমাণবিক শান্তি চুক্তিতে সমর্থন দেবেন না বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বক্তব্য দেয়ার পরপরই আমানো এ বিবৃতি দিলেন।

এ ব্যাপারে ইরানি গণমাধ্যম পার্স টুডে বলেছে, আইএইএ প্রধান বলেন, ‌‘আমি যেমনটি আগেও আইএইএ’র বোর্ড অব গভরনর্সকে বলেছি, ২০১৫ সালে সই হওয়া চূড়ান্ত পরমাণু সমঝোতার অধীনে ইরান যে প্রতিশ্রুতি দিয়েছিল তা মেনে চলছে এবং এখনো বলছি, পরমাণু সমঝোতা বাস্তবায়নে তেহরান সহযোগিতা করে যাচ্ছে। ’

ইউকিয়া আমানো আরও বলেন, গত বছরের জানুয়ারি মাস থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুরোধে আইএইএ ইরানের পরমাণু সমঝোতা বাস্তবায়নের বিষয়টি পর্যবেক্ষণ করে আসছে। পাশাপাশি তেহরানের প্রতিশ্রুতির প্রতিও নজর রাখছে।

উল্লেখ্য, হোয়াইট হাউজ থেকে শুক্রবার দেয়া এক বক্তৃতায় চুক্তি ভঙ্গ এবং সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয়ার অভিযোগে ইরানের সঙ্গে পারমাণবিক শান্তি চুক্তি নবায়ন করতে অস্বীকার করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এ বিষয়ে মার্কিন কংগ্রেসে আলোচনা করা হবে এবং চুক্তিতে পরিবর্তনের পন্থা নিয়ে যুক্তরাষ্ট্র তার বন্ধু দেশগুলোর পরামর্শ নেবে।

এছাড়া তিনি হুঁশিয়ারিও দেন, কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্র বানাতে দেয়া হবে না। এসময় তিনি আরও বলেন, ‘আমরা এমন পথে হাঁটা অব্যাহত রাখব না, যে পথের সম্ভাব্য পরিণতি হচ্ছে আরো বেশি সহিংসতা, আরো বেশি সন্ত্রাস এবং ইরান পরমাণু অস্ত্র অর্জন করবে। ’ প্রসঙ্গত, ২০১৫ সালে যুক্তরাষ্ট্রসহ ৬ দেশের সঙ্গে এই ধরণের চুক্তি করে ইরান।

পূর্বাশানিউজ/১৫অক্টোবর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি