
ডেস্ক রিপোর্ট :
দীর্ঘদিন পর কুড়িগ্রামের বিভিন্ন নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ। এদিকে দাম কিছুটা কমায় ইলিশের বিক্রিও বেড়েছে। মৎস্য বিভাগ জানায়, নদীতে প্রবাহ বাড়ার পাশাপাশি উৎপাদন বাড়ায় ইলিশ আসছে উত্তরের নদ-নদীতে।
কুড়িগ্রামের মৎস্যজীবীদের নতুন উদ্যোম জুগিয়েছে ইলিশ। মাছের আশায় জাল-নৌকা নিয়ে দিন-রাত নদীতে ভেসে বেড়াচ্ছেন জেলেরা। গত পয়লা অক্টোবর থেকে ২২ অক্টোবর মাছ ধরা বন্ধ ছিল। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর বদলে গেছে নদী। ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা ও দুধকুমারে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ।
জেলেরা জানায়, ১০-১৫ কেজি আবার কখনো ২০ কেজির মতো ইলিশ পাই।
জেলার চিলমারী, যাত্রাপুর, মোল্লারহাট, নুনখাওয়াসহ বিভিন্ন জায়গায় এখন চলছে ইলিশ বেচাকেনার ধুম। আকার ভেদে ইলিশ বিক্রি করা হচ্ছে ৩৫০ থেকে ৫০০শ টাকা কেজি দরে।
মৎস্য বিভাগ জানায়, উৎপাদন বৃদ্ধি ও নদীতে প্রবাহ ভালো থাকায় উত্তরের নদ-নদীতে ছুটে আসছে ইলিশ।
মৎস্য কর্মকর্তারা বলেন, এবারের মতো প্রতি বছর ইলিশ ধরা পড়লে তা বাড়তি মাত্রা যোগ করবে জেলার অর্থনীতিতে।
২০১৭/মাহি























































