শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আজ বিএনপির সমাবেশ, ঢাকা-মাওয়া মহাসড়কে যান চলাচল বন্ধ


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.১১.২০১৭

পূর্বাশা ডেস্ক:

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে সমাবেশ করতে যাচ্ছে বিএনপি। প্রায় দুই বছর পর রাজধানীতে বড় ধরনের সমাবেশে বক্তব্য দিতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দলটি বলছে, এই সমাবেশ ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে করা হচ্ছে।
রোববার (১২ নভেম্বর) দুপুর ২টায় শুরু হতে যাওয়া  সমাবেশ সফল করার সব রকম প্রস্তুতি ইতোমধ্যেই শেষ করেছে বলে জানিয়েছেন দলটির নেতারা।

শনিবার (১১ নভেম্বর) নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববারের সমাবেশের ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের অনুমতি পাওয়ার কথা জানান।

তবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে আসা এবং এই নির্বাচন ঘিরে বিএনপির অনেক দাবি এখনো অমীমাংসিত থাকায় দলটির নেতা-কর্মীদের কাছে সমাবেশটি অন্য রকম গুরুত্ব পাচ্ছে। দলীয় চেয়ারপারসন আগামী নির্বাচন ও আন্দোলন নিয়ে কী বার্তা দেন, তা-ই এখন দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের কাছে মূল আলোচনার বিষয়।

গতকাল শনিবার (১১ নভেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে এবং সুসংহত করতে বিএনপি কাজ করছে। বিএনপি মনে করে, জনসমাবেশ থেকে দেশের জনগণের প্রতি সে ধরনের বার্তা পৌঁছে দেবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

মির্জা ফখরুলের এমন বক্তব্যের পর অনেক নেতাই মনে করছেন, বিএনপি আগামী নির্বাচনে যাবে কি না, সহায়ক সরকারের দাবিতে আন্দোলন করবে কি না, এমন অস্পষ্ট বিষয়গুলোর অনেক কিছুই রোববারের (১২ নভেম্বর) সমাবেশে দলীয় চেয়ারপারসন স্পষ্ট করবেন। তবে কঠোর আন্দোলনের ব্যাপারে এখনই কোনো অবস্থান জানাবেন না খালেদা জিয়া। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে গত কয়েক দিন আসা অনেক নেতাই মনে করছেন, দলের তৃণমূলে বিএনপির অবস্থান নিয়ে কিছুটা ধোঁয়াশা আছে। দলীয় চেয়ারপারসনের বক্তব্যে যতটা সম্ভব সেই ধোঁয়াশা কেটে যাবে।

এই সমাবেশের আগে বেশ কয়েকবার রাজধানীতে সমাবেশ করতে চেয়ে প্রশাসনের অনুমতি চেয়ে ব্যর্থ হয় দলটি। এ ছাড়া দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলার কারণে দলীয় কার্যক্রমে একধরনের অচলাবস্থা তৈরি হয়। ফলে সংবাদ সম্মেলন ও আলোচনা সভা করা ছাড়া বিএনপির তেমন কোনো দলীয় কার্যক্রম হাতে ছিল না।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর এক বছরের কিছু বেশি বাকি আছে। এরই মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে। দলটির জ্যেষ্ঠ নেতা, সাংসদ ও মন্ত্রীরা বিভিন্ন জায়গায় সভা-সমাবেশে জনগণের কাছে আওয়ামী লীগকে পুনরায় নির্বাচিত করার জন্য ভোট চাইছেন। এ ছাড়া দলের নেতা-কর্মীদেরও মাঠে কাজ করার জন্য দলটির উচ্চপর্যায় থেকে বারবার আহ্বান জানানো হচ্ছে। এ অবস্থায় বিএনপি নেতারা মনে করছেন, আগামী নির্বাচন নিয়ে সুস্পষ্ট অবস্থান না থাকলে প্রস্তুতিতে দলটি পিছিয়ে পড়বে। যার প্রভাব ভোটে পড়তে পারে।

বিএনপির দায়িত্বশীল নেতারা বলছেন, সমাবেশে খালেদা জিয়া কেবল দলের নেতা-কর্মীদের উদ্দেশে বার্তা দেবেন তা নয়, সরকার ও নির্বাচন কমিশনের (ইসি) প্রতিও তাঁর আহ্বান থাকবে। তারা বলেন, বিএনপি চেয়ারপারসন নির্বাচনকালীন সহায়ক সরকার গঠন নিয়ে সরকারের সঙ্গে আলোচনার পথ খোলা আছে এমন বার্তা দেবেন। আর ইসিকে বিএনপির প্রস্তাব বিবেচনার কথা বলবেন। এর বাইরে নির্বাচনের প্রস্তুতি নিয়ে দলের নেতা-কর্মীদের প্রতি ইঙ্গিত দেবেন।

১২ নভেম্বর, ২০১৭/ রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি