শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ অংশ নেবে না: গয়েশ্বর


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.১১.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বিএনপির স্থায়ী ক‌মি‌টির সদস্য গ‌য়েশ্বর চন্দ্র রায় ব‌লেছেন, আগামী‌তে অবাধ নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ সে নির্বাচনে অংশ নেবে না। তাই যারা এখন ক্ষমতায় আছেন তারা গণতন্ত্রের পথে ফিরে আসুন। একটু ক্ষমা চান। এই দেশ সেই দেশ ঘুরতে হবে না। বাংলাদেশেই থাকতে পারবেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ক্ষমা করেছেন, আমরাও ক্ষমা করে দেবো। কিন্তু জনগণ কি ক্ষমা করবে? জনগণের দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ।

সোমবার দুপুরে নয়াপল্টনস্থ ভাসানী ভবনে এক অনুষ্ঠানে গয়েশ্বর রায় এসব কথা বলেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এসময় কেক কেটে তারেক রহমানের জন্মদিন পালন করা হয়।

তারেক রহমানের জন্মদিন পালনে বাধা দেওয়া হচ্ছে অভিযোগ করে গয়েশ্বর বলেন, তারেক রহমানের জন্মদিন পালনে যতই বাধা দেয়া হচ্ছে আমাদের অনুভূতি আরও বেগবান হচ্ছে। প্রায় ২ যুগ ধরে তাকে নির্বাসিত করার জন্য তার জীবন ও চরিত্র কলুষিত করার চেষ্টা করা হয়েছে। তবে সব চেষ্টা অপচেষ্টায় ধূলিস্যাৎ হয়েছে। কারণ যে গাছে ফল হয় সে গাছেই মানুষ ঠিল মারে।

বিএনপির এই নেতা বলেন, নতুন প্রজন্মের কাছে তারেক রহমান উৎসাহ উদ্দীপনা ও সম্ভাবনাময় নেতৃত্ব। তারেক রহমান গণতন্ত্রের জন্য সংগ্রাম করছেন। যেদিন গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে সেদিন জন্মদিন পালন স্বার্থক হবে।

তিনি আরও বলেন, শেখ হাসিনার দুঃখ আছে, তিনি অনেক হতাশ। কারণ হাসিনার নাম যেখানে-সেখানে গণতন্ত্র থাকে না। আর যেখানে গণতন্ত্র থাকে সেখানে হাসিনা অনুপস্থিত থাকতে বাধ্য। তিনি এখন ভাটায় পড়েছেন। পক্ষান্তরে খালেদা জিয়ার জোয়ার সৃষ্টি হয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাসারের সঞ্চালনায় দলটির যুগ্ম-মহাসচিব ও মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি আবদুল মালেক, মহানগর উত্তর বিএনপির সিনিয়র সহ-সভাপতি বজলুল বাসিত আঞ্জু প্রমুখ।

পূর্বাশানিউজ/২০ নভেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি