
রাজধানীর সাভার থানার আশুলিয়ার বড় রাঙ্গামাটিয়া এলাকায় বুধবার (২৮ মার্চ) ভোর সাড়ে ৬টায় ইফাদ মাল্টি প্রোডাক্টস লিমিটেড কারখানায় আগুন লেগেছে। পরে আশুলিয়ার ডিইপিজেড ও সাভার ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ইফাদ মাল্টি প্রোডাক্টস লিমিটেড কারখানার চানাচুর ও কেক তৈরির ৩ তলা কারখানায় হঠাৎ আগুন লাগে। পরে খবর পেয়ে সাভার ও আশুলিয়া ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
আশুলিয়া শিল্প পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে সূত্র জানায়।
ফায়ার সার্ভিসের সিনিয়র কমান্ডার আনোয়ারুল হক বলেন, কিভাবে আগুন লেগেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ কত হয়েছে তাও নির্ণয় করা হবে।



















































