
বিএনপি চায় শান্তিপূর্ণ কর্মসূচি করতে, কিন্তু সরকার বাধ্য করছে অন্য পথে যেতে। তবে বিএনপিও সিন্ধান্ত নিয়েছে কোনোভাবে অন্যপথে যাবো না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি মহাসচিব বলেন, এসব কর্মসূচির মাধ্যমে জনগণকে আন্দোলনের সাথে সম্পৃক্ত করা সহজ বলে মনে করে তার দল। তাই সভা-সমাবেশ, মানববন্ধন, লিফলেট বিতরণ এবং বিক্ষোভ-মিছিলের মতো কর্মসূচি রয়েছে তাদের পছন্দের তালিকায়। তিনি আরও বলেন, আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে নিয়মতান্ত্রিক পথে থেকেই প্রগ্রোমগুলো আবারও শুরু করবো। যাতে করে আমরা জনমতের কাছে পৌঁছতে পারি। এসব কর্মসূচিতে বরং লাভ হয়েছে বিএনপির। পাশাপাশি বেড়েছে জনসম্পৃক্ততা। ফলে সরকারও বাধ্য হয়েছে কৌশল পাল্টাটে।
মির্জা ফখরুল জানান, আমরা মনে করি এটাই অত্যন্ত ভালো পথ। আজকে যদি আমরা জনগণকে নিয়ে রাস্তায় অবস্থান নিতে পারি তাহলে এর থেকে বড় পথতো আর কিছু নেই। বেগম জিয়ার মুক্তি এবং নির্বাচন ইস্যুতে জনগণকে সাথে নিয়ে রাজপথে থাকার কৌশল নিয়েই এগিয়ে যেতে চায় বিএনপি। তবে নতুন ও কঠোর কর্মসূচী নয়, আগের কর্মসূচির কৌশল নিয়ে এগুতে চায় বিএনপি। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর সব মহলে আলোচনা ছিল কেমন হবে বিএনপির প্রতিক্রিয়া। আবারও কি সহিংস হয়ে উঠবে রাজনীতি। তবে সব শঙ্কা দূর করে ৮ ফেব্রুয়ারির পর থেকে শান্তিপূর্ণ কর্মসূচিতে আছে বিএনপি। আর বিক্ষোভ-মিছিল, অবস্থান ধর্মঘট, অনশন, মানবন্ধনসহ দেশের বিভিন্ন স্থানে ছোট এবং মাঝারি ধরণের সমাবেশেই সীমাবদ্ধ আছে তাদের কর্মকান্ড।

























































