
ডেস্ক রিপোর্ট :
নির্বাচন কমিশন গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করার পর পরই নির্বাচনে অংশ নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে রেড সিগন্যাল দেখাতে চায় বিএনপি। এজন্য আজ বৃহস্পতিবার থেকে দুই সিটি নির্বাচনে দলীয় মনোনয়নপত্র বিক্রির ঘোষণা দিয়েছে দলটির কেন্দ্রীয় দফতর বিভাগ। বিগত সিটি নির্বাচনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বর্তমান পরিস্থিতির ওপর নির্ভর করবে দলীয় মনোনয়ন। এ কারণে যোগ্য ও ত্যাগী নেতাদের মূল্যায়নসহ সব কিছু বিবেচনা করে মনোনয়ন দেবেন কেন্দ্রীয় নেতারা। একইসঙ্গে দুই সিটির নিজেদের আধিপত্য ধরে রাখতে সব ধরনের প্রস্তুতিও নিচ্ছেন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা। এজন্য শিগগিরই একটি মনিটরিং কমিটি ঘোষণা করবে দলটি।
দলের প্রার্থী বাছাইয়ের বিষয়ে জানতে চাওয়া হলে বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেন, দল সিদ্ধান্ত নিয়েছে আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশ নেব। সেক্ষেত্রে যোগ্য ব্যক্তিদের মনোনয়ন দেয়া হবে। একইসঙ্গে তিনি বলেন, সিটি নির্বাচনের মাধ্যমে জনবিপ্লব ঘটিয়ে এ সরকারের পতন ত্বরান্বিত করতে হবে।
এদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে বিএনপি। বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপটে আসন্ন গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে পরীক্ষা দিতে হবে ক্ষমতাসীন আওয়ামী লীগের কাছে। দুই সিটিতে জয়ী হয়ে বিএনপিকেও প্রমাণ করতে হবে তাদের দাবি সঠিক, আওয়ামী লীগের সঙ্গে জনগণ নেই। দুই সিটিতে যে দল জয়ী হবে, সেই দলই আগামী সংসদ নির্বাচনে বেশ সুবিধাজনক অবস্থায় থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্ট সবাই। তাই এ নির্বাচনে ধারাবাহিকভাবে জয়ী হতে মরিয়া বিএনপি। তফসিল ঘোষণার পর পরই রণকৌশল চূড়ান্তে নেমে পড়েছেন দলটির নীতি নির্ধারকরা। প্রার্থী চূড়ান্ত করা, নির্বাচনী গণসংযোগের কৌশলসহ সার্বিক প্রস্তুতির বিষয়ে বিভিন্ন স্তরের নেতাদের মতামত নিচ্ছেন তারা। দুই সিটিতে জয়ের ধারা অব্যাহত রাখতে ভোটারের দ্বারে দ্বারে যাওয়ার চিন্তা-ভাবনা করছেন দলটির নীতি নির্ধারকরা। এজন্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের নিয়ে গঠন করা হচ্ছে প্রতিটি ওয়ার্ডে সমন্বয় কমিটি।
সর্বশেষ গাজীপুর সিটি কর্পোরেশনে ২০১৩ সালের ৬ জুলাই এবং খুলনা সিটি কর্পোরেশনের ওই বছরের ১৫ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে দলীয় প্রতীকে মেয়র পদে ভোট না হলেও দুই সিটিতেই বিএনপি সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেন। গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে আগামী ১৫ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দুই সিটি কর্পোরেশনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ১২ এপ্রিল। জমা হওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ১৫-১৬ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ আগামী ২৩ এপ্রিল।
এদিকে বিএনপি থেকে গাজীপুর সিটিতে বর্তমান মেয়র আব্দুল মান্নান ফের নির্বাচন করতে আগ্রহী। এ ছাড়া সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন সাবেক এমপি ও জেলা পরিষদের চেয়ারম্যান বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার ও শওকত হোসেন সরকার। শওকত হোসেন সরকার ৩ বারের স্বর্ণপদক পাওয়া কাশিমপুর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। তিনি বর্তমানে গাজীপুর সদর থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। জেলা বিএনপির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক। বিগত সিটি কর্পোরেশন নির্বাচনে ব্যাপক গণসংযোগ করে দলীয় মনোনয়ন চাইলে দলের প্রধান বেগম খালেদা জিয়া আগামীতে মনোনয়ন দেবেন বলে আশ্বাস দিলে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশ প্রদান করেন। দলীয় প্রার্থী আব্দুল মান্নানের পক্ষে নিরলসভাবে কাজ করে তাকে বিজয়ী করতে সাহসী ভূমিকা রাখেন এবং কয়েক বছর যাবত গাজীপুর মহানগরে দলীয় সব কর্মসূচি সফল করতে সার্বিক সহযোগিতা ও নিজে সতঃর্স্ফূতভাবে অংশগ্রহণ করেন।
শওকত হোসেন সরকার বলেন, তিনি অনেক মামলা-হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে গত কয়েক মাস যাবত এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। তিনি আশা করেন বর্তমান মেয়র আব্দুল মান্নান অসুস্থ থাকায় দলীয় প্রধানের আশ্বাসের মর্যাদা রেখে বর্তমান দলীয় হাইকমান্ড আমাকে মনোনয়ন প্রদান করলে আমি ব্যাপক ভোটে জয়লাভ করব ইনশাআল্লাহ।
অন্যদিকে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির একাধিক প্রার্থী মাঠে প্রচারে নেমেছেন। মেয়র প্রার্থী হিসেবে পোস্টার, ফেস্টুন, ব্যানার এবং ফেসবুকের মাধ্যমে নগরবাসীর কাছে দোয়া চাইছেন অনেকে। তবে কেসিসির বর্তমান মেয়র নগর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মনি এখনো দলীয় প্রার্থী হিসেবে থাকা সত্ত্বেও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনা আগামী নির্বাচনে মেয়র প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছেন। তার অনুসারীরা প্রচার শুরু করায় দলের মধ্যে ব্যাপক অন্তর্কোন্দলের সৃষ্টি হয়েছে।
এদিকে নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর সঙ্গে নগরের কোষাধ্যক্ষ আরিফুর রহমান মিঠুর প্রকাশ্য দ্বন্দ্বের কারণে এর প্রভাব পড়তে পারে আগামী কেসিসি নির্বাচনে। জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এসএম শফিকুল আলম বলেন, দলীয় মনোনয়নের জন্য তিনি চেষ্টা চালাচ্ছেন। আরো দু’দিন পর ফলাফল জানা যাবে। নগর বিএনপির সভাপতি ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেন, কেসিসির মেয়র প্রার্থী হিসেবে বর্তমান মেয়র মনিরুজ্জামান মনি পুনরায় দলীয় মনোনয়ন পেতে পারেন। সেক্ষেত্রে দলীয় কোনো সমস্যা হবে না।
অন্যদিকে মাঠের বিরোধী দল বিএনপি মনে করছে, নানা প্রকিকূলতার মধ্য দিয়ে হলেও দুই সিটিতে জয় পেলে দলের জন্য তা হবে ইতিবাচক। দলের চেয়ারপার্সন খালেদা জিয়াকে কারাগারে পাঠানোর পর জনগণের সমর্থন ও আস্থা বেড়েছে তা প্রমাণিত হবে। সবার কাছে এটাই প্রতীয়মান হবে যে, সরকারের ওপর জনসমর্থন কমে গেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান বলেন, চেয়ারপার্সনের কারামুক্তি ও নির্দলীয় সরকারের দাবিতে চলমান আন্দোলনের পরিপূরক হিসেবে তারা সিটি নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ নির্বাচনে তাদের প্রার্থীর জয় মানে আন্দোলনেরও জয়। এ জয়ের মধ্য দিয়ে নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিকে আরো বেগবান করবে। তিনি বলেন, যে কোনো নির্বাচনকেই বিএনপি চ্যালেঞ্জ হিসেবে নেয়। কারণ তারা নির্বাচনে বিশ্বাসী। বিএনপির এই নীতি নির্ধারক আরো বলেন, সুষ্ঠু ভোট হলে ভোটাররা তাদের প্রার্থীকেই ভোট দেবে। তবে কোনো কারণে বিএনপির প্রার্থীদের পরাজয় হলে ভবিষ্যতে তাদের জন্য পরিস্থিতি আরো কঠিন হতে পারে বলেও মনে করছেন তিনি।
নির্বাচন তফসিল ঘোষণার পর পরই ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছে বিএনপি। দলটি সিটি কর্পোরেশন নির্বাচনকে মর্যাদা রক্ষার চ্যালেঞ্জ হিসেবে দেখছে। এজন্য বিএনপিসহ ২০ দলীয় জোট দুই সিটিতে দলীয় প্রার্থীদের জয়ের মুখ দেখাতে এই নির্বাচনকে রীতিমতো বাঁচা-মরার লড়াই হিসেবে দেখছে। চলমান আন্দোলনের অংশ হিসেবেই তারা নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে ভোটের মাঠে নামার সর্বাত্মক প্রস্তুতি শুরু করেছে দলটি। বিএনপির নীতি নির্ধারকদের মতে, এটা স্থানীয় সরকার নির্বাচন হলেও এর ফল দেশে-বিদেশে দুই দলের জনপ্রিয়তার মাপকাঠি হিসেবে বিবেচিত হবে। এই নির্বাচনে বিএনপির প্রার্থীরা জয়লাভ করলে সরকার নানামুখী চাপে পড়বে, যা আগামী জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে। অপরদিকে নির্বাচনে তাদের প্রার্থীরা পরাজিত হলে চেয়ারপার্সনের কারামুক্তি ও নিরপেক্ষ সরকারের দাবিতে চলমান আন্দোলনে বড় ধাক্কা লাগার আশঙ্কা রয়েছে। তাই এই নির্বাচনে জয়লাভ ছাড়া আপাতত বিকল্প কোনো চিন্তা নেই তাদের। তারা মনে করেন চলমান আন্দোলনে ভয়-ভীতি, দমন-পীড়নের কারণে রাজপথে নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ নামতে ভয় পায়। কিন্তু সিটি নির্বাচনে তারা নির্বিঘ্নে ভোট দিতে পারলে সরকারের বিরুদ্ধেই রায় দেবে।
বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম বলেন, জাতীয় সংসদসহ অনেক নির্বাচনে ভোট দিতে না পারায় মানুষের মনে ক্ষোভ জমে আছে। সরকার যেভাবে নেতাকর্মী ও সাধারণ মানুষের ওপর দমন-পীড়ন চালাচ্ছে তাতে করে তারা ব্যালটের মাধ্যমে এর জবাব দিতে মুখিয়ে আছে। সিটি নির্বাচনের ফলাফলে তার প্রতিফলন দেখা যাবে। তিনি বলেন, যে কোনো নির্বাচনকেই বিএনপি চ্যালেঞ্জ হিসেবে নেয়। জনগণ তাদের সঙ্গে আছে এটা অতীতে বারবার প্রামাণিত হয়েছে। সরকার জনগণের রায় ছিনিয়ে নেয় কিনা এটাই এখন আশঙ্কা।
সূত্র জানায়, আসন্ন দুই সিটির প্রার্থী চূড়ান্ত করতে গতকাল বুধবার রাতে রাজধানীর গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে বৈঠকে বসেন স্থায়ী কমিটির সদস্যরা। বৈঠকে গাজীপুর ও খুলনা থেকে সম্ভাব্য প্রার্থীদের আগাম সাক্ষাৎকার নিয়েছেন দলটির নীতি নির্ধারকরা। ইতিমধ্যে সিনিয়র নেতাদের মতামত নেয়া হচ্ছে। স্থায়ী কমিটির সদস্যরা বৈঠক করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরামর্শে প্রার্থী চূড়ান্ত করবেন।
এদিকে আনুষ্ঠানিক প্রচারে নামার আগেই নির্বাচন পরিচালনার যাবতীয় কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে দলটির। দুই সিটিতে স্থায়ী কমিটির দুই সিনিয়র নেতাদের প্রধান করে কেন্দ্রীয় সমন্বয়ক কমিটি গঠন করা হবে। দুই সিটির প্রতিটি ওয়ার্ডে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের সমন্বয়ে গঠন করা হবে সমন্বয় কমিটি। এই কমিটি পুরো ওয়ার্ডে ধানের শীষের পক্ষে ভোট চাইবে। তারা প্রতিটি ভোটারের দ্বারে দ্বারে যাবে। প্রতিটি ওয়ার্ডে দলীয় কোন্দল এবং নির্বাচনী প্রচারে কোনো বাধার সৃষ্টি হলে কেন্দ্রীয় সমন্বয় টিমকে জানানোর নির্দেশ দেয়া হবে।
সূত্র জানায়, দুই সিটিতে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে সুনির্দিষ্ট কিছু দাবি নিয়ে শিগগিরই নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপির একটি প্রতিনিধি দল। মামলা-হামলায় জর্জরিত বিএনপির নেতাকর্মীদের প্রচারে আইনশৃঙ্খলা বাহিনী যাতে হয়রানি না করে এ ব্যাপারে সহযোগিতা চাওয়া হবে। দুই সিটিতে ক্ষমতাসীনরা যাতে ভোটারদের ভয়-ভীতি দেখাতে না পারে সেজন্য কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানানো হবে। একইসঙ্গে নির্বাচনের আগে সরকারের পক্ষ থেকে দুই সিটিতে যেন কোনো উন্নয়নমূলক কাজে বরাদ্দ দেয়া না হয়ে সে ব্যাপারে ইসিকে উদ্যোগ নিতে হবে। গাজীপুরে বিএনপিতে বর্তমান মেয়র অধ্যাপক এমএ মান্নান এবং সাবেক এমপি ও জেলা পরিষদের চেয়ারম্যান হাসান উদ্দিন সরকারের নাম রয়েছে আলোচনায়। মামলা জটিলতায় বর্তমান মেয়র অধ্যাপক এমএ মান্নানের দীর্ঘদিন দায়িত্ব পালন করতে না পারা এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষপট- দু’টি মিলে তাই বিএনপির প্রার্থী কে হচ্ছেন তা নিয়ে ছিল প্রশ্ন। তবে বিএনপির নির্বাচনে যাওয়ার ঘোষণার পর দু’জনের সমর্থকরাই সরব হয়েছেন।
এ ছাড়া দুই সিটির তফসিল ঘোষণার পরই বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি নির্বাচনের তোড়জোড় শুরু হয়ে গেছে। আগেভাগেই দলের মনোনয়নের জন্য তদবির-লবিং করছেন নেতারা। বরিশাল বিএনপির মনোনয়ন চাইছেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিন, মহানগর বিএনপি নেতা জিয়াউদ্দিন সিকদার, মহানগর বিএনপির সহছাত্রবিষয়ক সম্পাদক আফরোজা খানম নাসরিন। সাবেক মেয়র এবং বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ারের এখানে প্রার্থী হওয়ার কথা শোনা যাচ্ছে।
সিলেট এবারো বিএনপির দলীয় মনোনয়ন পেতে পারেন বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী। যদিও সম্প্রতি মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম সিটি নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন চাইবেন বলে ঘোষণা দিয়েছেন। আর কেউ আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও শেষ পর্যন্ত মেয়র পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের তালিকা আর দীর্ঘ নাও হতে পারে।
রাজশাহীতে বিএনপি হাইকমান্ডও বুলবুলকে নির্বাচনে লড়াইয়ের গ্রিন সিগন্যাল দিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বিএনপির প্রার্থী বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল এখনো পুরোপুরি মাঠে নামতে পারছেন না। বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে আছেন তিনি। এ কারণে নির্বাচনের মাঠে সময় দিতে পারছেন না। চেয়ার সামলাতেই তাকে ব্যস্ত থাকতে হচ্ছে। এ ছাড়া দলীয় দ্বন্দ্বের কারণে নির্বাচনী লড়াইয়ে পিছিয়ে পড়েছেন বুলবুল।

























































