শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রাশিয়াকে এস-৩০০ ক্ষেপণাস্ত্রের মূল্য ১’শ কোটি ডলার দিল সিরিয়া


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.১০.২০১৮

ডেস্ক রিপোর্ট: রাশিয়ার ব্যাংকে সিরিয়ার দেয়া ১’শ কোটি ডলার বুঝে পেয়েছে ক্রেমলিন সরকার। সিরিয়ার হাতে এস-৩০০ ক্ষেপণাস্ত্র পৌঁছানোর পর এ টাকা বুঝিয়ে দেয়া হয় এমন দাবি করে টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে বলছে, ইসরায়েলের আপত্তির কারণেই এতদিন ওই টাকা পরিশোধ করা হয়নি।

ইসরায়েলের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তার নাম প্রকাশ না করে বলা হয়েছে, সিরিয়াকে রাশিয়া যে এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে তা তেল আবিবের জন্য মারাত্মক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। রাশিয়ার সাম্প্রতিক এ পদক্ষেপ মোকাবেলার জন্য তেল আবিব নানা উপায় বের করার চেষ্টা করছে। এ কর্মকর্তা আরো বলেন, ইসরাইলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে এবং দেশটি নিজেকে রক্ষার অধিকার রাখে।

গত ১৭ সেপ্টেম্বর সিরিয়ার আকাশ থেকে ইসরায়েলের কয়েকটি এফ-১৬ জঙ্গিবিমান লাতাকিয়া প্রদেশের গুরুত্বপূর্ণ সামরিক অবস্থানে হামলা চালায়। ইসরাইলি বিমান লক্ষ্য করে সিরিয়া ক্ষেপণাস্ত্র ছুঁড়লে তা একটি রুশ গোয়েন্দা বিমানে আঘাত হানে। প্রকৃতপক্ষে সে সময় ইসরায়েলের পাইলটরা রুশ বিমানটিকে ঢাল হিসেবে ব্যবহার করে ‘লাইন অব ফায়ারে’ ফেলে দেয়।

এ ঘটনার পর রাশিয়া ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং সিরিয়াকে শেষ পর্যন্ত এস-৩০০ সরবরাহ করে রাশিয়া। ইসরায়েল এর প্রতিবাদ করলেও মস্কো তা আমলে নেয় নি এবং দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রুশ পদক্ষেপকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে মন্তব্য করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি