
ডেক্স রিপোর্টঃ নড়াইলের লোহাগড়ায় নির্বাচনী প্রচারণায় ব্যস্ত জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক ও নড়াইল-০২ আসনের আওয়ামী লীগ দলীয় প্রার্থী মাশরাফি বিন মর্তুজা।
প্রতিপক্ষের ওপর আঘাত না করতে আওয়ামী লীগের কর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক ও নড়াইল-০২ আসনের আওয়ামী লীগ দলীয় প্রার্থী মাশরাফি বিন মর্তুজা। বুধবার প্রতিদ্বন্দ্বী ২০ দলীয় জোটের প্রার্থী ফরিদুজ্জামান ফরহাদের অভিযোগের প্রেক্ষিতে পুনরায় এ আহ্বান জানান তিনি।
নড়াইল-২ এ মাশরাফির প্রতিদ্বন্দ্বী প্রার্থী ২০ দলীয় জোটের অন্যতম শরিক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন।তিনি প্রচারণা চালাচ্ছেন ঢিমেতালে। শরীক দলের প্রার্থী হওয়ায় জেলা বিএনপির নেতৃবৃন্দ তার সাথে সেইভাবে নামেন নি। তবে আওয়ামী লীগের দ্বারা তার নির্বাচনী কর্মকাণ্ডে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।
এ ব্যাপারে মাশরাফি বলেন, ‘আমি সকলকে বলেছি এমনকি আইন-শৃঙ্খলা বাহিনীকেও এ ব্যাপারে সতর্ক করেছি যে, আমার প্রতিপক্ষ যেন মানসিক বা শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত না হন। কিছু অতি উৎসাহী লোক রয়েছেন তাদের কারণে এই ধরনের ঘটনা ঘরতে পারে। তবে সতর্ক আছি।
মাশরাফি বুধবার সকাল ১১ টায় বের হয়ে নড়াইল সদরের কমলাপুর, রতডাঙ্গা, চালিতাতলা, ভুমুরদিয়া, দত্তপাড়া, নাকশীতে পথসভা শেষ করেন দুপুর দুটায়। এরপর রঢ়ুনাথপুর, হোগলাডাঙ্গা হয়ে দারিয়াপুর জনসভায় বক্তব্য রাখেন। বিকালে সেখান থেকে আবার ২০ কিলোমিটার ঘুরে তুলারামপুর, পেড়লী, মালিডাঙ্গাসহ অন্তত ৫০টি পথসভা শেষ করেন।
বাংলাদেশ অধিনায়ক ২২ ডিসেম্বর নড়াইলে এসে ২৩ ডিসেম্বর থেকে প্রচার শুরু করেন। মাত্র ৫ দিনে নির্বাচনী এলাকার ২০ ইউনিয়ন এবং দুটি পৌরসভার ভোটার কাছে যেতে চান তিনি।

























































