
ডেক্স রিপোর্টঃ আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের বিজয়ের প্রধান কারণ ছিল গত ১০ বছরে দেশের ব্যাপক উন্নয়ন। দারিদ্র্যের হার কমিয়ে আনা এবং জনগণের জীবনমানের উন্নয়ন এবং জিডিপি প্রবৃদ্ধি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল প্রশংসাযোগ্য এবং স্বচ্ছ। তবে নিজেদের ভুল এবং দুর্বলতার কারণে বিএনপির ভরাডুবি হয়েছে। যাই হোক, আমি সবার প্রধানমন্ত্রী হিসেবেই আগামী পাঁচ বছর দায়িত্ব পালন করব।
সোমবার বিকেলে গণভবনে বিদেশি নির্বাচন পর্যবেক্ষক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে শেখ হাসিনা এ কথা বলেন।
বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা থেকে আসা ১১ পর্যবেক্ষক ও ৪০ জন বিদেশি সাংবাদিকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। তাদের নানা প্রশ্নের উত্তরও দেন তিনি। তথ্য- বাসস, ইউএনবি ও বিডিনিউজ, সমকাল।
মহাজোটের বিজয় প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের বিজয়ের প্রধান কারণ ছিল গত ১০ বছরে দেশের ব্যাপক উন্নয়ন। দারিদ্র্যের হার কমিয়ে আনা এবং জনগণের জীবনমানের উন্নয়ন এবং জিডিপি প্রবৃদ্ধি। জনগণ সরকারের ধারাবাহিকতা চেয়েছিল, উন্নয়ন চেয়েছিল। যে কারণে স্বতঃস্ম্ফূর্তভাবেই আমাদের ভোট দিয়েছেন। আমি সবারই প্রধানমন্ত্রী।
আলজাজিরার এক সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, আমরা বিরোধীদের ওপর চড়াও হতে চাই না। আমরা দেশের উন্নতি চাই। আমাদের দেশের বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা রয়েছে। সবাই রাজনৈতিক চর্চা করবে। কিন্তু আমরা সহিংসতা ও পেট্রোল বোমার রাজনীতি সমর্থন করব না।

























































