ডেক্স রিপোর্টঃ
জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ নিজের অবর্তমানে ছোট ভাই জিএম কাদেরকে দলের চেয়ারম্যান হিসেবে আগাম ঘোষণা দিয়েছেন। গতকাল মঙ্গলবার সাংগঠনিক এক নির্দেশে এরশাদ এই ঘোষণা দেন। ‘জাতীয় পার্টির জন্য ভবিষ্যৎ নির্দেশনা’ শিরোনামের এই সাংগঠনিক বিজ্ঞপ্তিতে এরশাদ নিজেই স্বাক্ষর করেছেন। উল্লেখ্য, গতকাল ১ জানুয়ারি ছিল জাপার ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী, এইদিনেই এবং একাদশ জাতীয় সংসদ গঠনের প্রাক্কালে সহোদর জিএম কাদেরকে দলের ভবিষ্যত্ চেয়ারম্যান ঘোষণা করলেন এরশাদ।
নির্দেশনায় এরশাদ বলেছেন, ‘আমি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে পার্টির সর্বস্তরের নেতা-কর্মী-সমর্থকদের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি যে, আমার অবর্তমানে পার্টির বর্তমান কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। আশা করি, পার্টির জাতীয় কাউন্সিল আমার মতো তাকেও চেয়ারম্যান নির্বাচিত করে পার্টির সার্বিক দায়িত্ব তাকে অর্পণ করবে। পার্টির চেয়ারম্যান হিসেবে আমি যতদিন দায়িত্ব পালন করবো- গোলাম মোহাম্মদ কাদের আমাকে সহযোগিতা করবেন।’
এরশাদের এই ঘোষণার পর জিএম কাদের ইত্তেফাককে বলেন, ‘ভাই (এরশাদ) নিজেই আজ আমাকে বাসায় ডেকে নিয়ে ভবিষ্যতে এই দায়িত্ব নেওয়ার জন্য বলেন। ওনার শরীর ভালো না, বয়সও হয়েছে। সবকিছু চিন্তা-ভাবনা করে হয়তো উনি এই ধরনের সিদ্ধান্ত আগেই পার্টিকে জানিয়ে রাখলেন।’
এরশাদের অবর্তমানে জাপার চেয়ারম্যান কে হবেন, এনিয়ে ২০১৪ সালেও একবার বিতর্ক সৃষ্টি হয় জাপায়। এরশাদ তখনও বলেছিলেন, তার অবর্তমানে জিএম কাদেরই দলের হাল ধরবেন। এতে আপত্তি তুলেছিলেন এরশাদ পতœী রওশন এরশাদ। এনিয়ে দলীয় নেতাদের মধ্যেও বিভাজনের মধ্যে এক পর্যায়ে রওশনকে দলের সিনিয়র কো-চেয়ারম্যান ও জিএম কাদেরকে কো-চেয়ারম্যান করেন এরশাদ। এখন রওশন যেখানে সিনিয়র কো-চেয়ারম্যান, সেখানে এরশাদের অবর্তমানে জিএম কাদেরকে দলের ভবিষ্যত্ চেয়ারম্যান ঘোষণা করায় দলটির ভেতরে কানাঘুষা শুরু হয়েছে।
এদিকে, এরশাদের ঘণিষ্ঠ সূত্র ও জাপার দায়িত্বশীল একাধিক নেতা ইত্তেফাককে জানান, একাদশ জাতীয় সংসদে জাপা প্রধান বিরোধী দল হচ্ছে, সেখানে রওশনের বদলে জিএম কাদেরকে এবার বিরোধী দলীয় নেতা করতে চান এরশাদ। তিনি তার এই আগ্রহের কথা দলের সংশ্লিষ্ট নেতাদেরও জানিয়েছেন। মূলত এই আগ্রহ থেকেই জিএম কাদেরকে দলের ভবিষ্যত্ চেয়ারম্যান ঘোষণা করেছেন এরশাদ।
এ ব্যাপারে জিএম কাদের ইত্তেফাককে জানান, ‘বিরোধী দলীয় নেতা কে হবেন এনিয়ে ভাইয়ের সঙ্গে আমার আলাপ হয়নি। উনিও কিছু বলেননি, আমিও কিছু জানতে চাইনি। আগামীকাল (আজ বুধবার) দলের বৈঠক আছে, সেখানে আলোচনা করে হয়তো এসব ঠিক করা হবে।’
প্রসঙ্গত, কিছুদিন আগে মহাসচিব পদ থেকে বাদ দেওয়া এবিএম রুহুল আমিন হাওলাদারকে পার্টির চেয়ারম্যানের সকল ক্ষমতা দিয়ে ‘বিশেষ সহকারী’ করেন এরশাদ। প্রচারণায় অংশ নিতে না পারলেও ৩০ ডিসেম্বরের ভোটে এরশাদ রংপুর-৩ আসনে আবারও সংসদ সদস্য নির্বাচিত হন। আর জিএম কাদের লালমনিরহাট-৩ আসন থেকে এবার এমপি হন।
যৌথসভা আজ
জাপার নবনির্বাচিত সংসদ সদস্যদের ও প্রেসিডিয়াম সদস্যদের এক যৌথসভা ডাকা হয়েছে আজ। বেলা ১১টায় রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে এই সভা হবে। সভায় একাদশ জাতীয় সংসদে জাপার অবস্থান এবং বিরোধী দলীয় নেতা কে হবেন তা নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। উল্লেখ্য, ৩০ ডিসেম্বরের ভোটে জাপা ২২টি আসনে জয় পেয়েছে।
জাপার ভুল অনেক: রাঙ্গা
দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় জাপা মহাসচিব মশিউর রহমান রাঙ্গা বলেছেন, আগের মতো এবারের নির্বাচনে আমাদের দল ভুল করেছে। প্রতিবার নির্বাচনের আগে অস্থিরতা দেখা যায় পার্টিতে, যা দল পিছু টানছে। আঁতেলদের কাছ থেকেদলকে রক্ষা করা জরুরি বলে মন্তব্য করেন তিনি।


























































