শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দেড় লাখ কোটি ডলারের কররেয়াত মার্কিন অর্থনীতিতে কোন বড় প্রভাব ফেলেনি : জরিপ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০১.২০১৯

ডেক্স রিপোর্টঃ  ট্রাম্প প্রশাসনের দেয়া দেড় লাখ কোটি ডলারের কর রেয়াত দেশটির অর্থনীতিতে বড় ধরণের কোন প্রভাব রাখতে ব্যর্থ হয়েছে।

বিশেষত, কর রেয়াতে মূলধন বিনিয়োগ এবং চাকুরির বাজারে কোন পরিবর্তন আসেনি। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসের বিগত ৩০ বছরের মধ্যে সর্ববৃহৎ এই করনীতি পরিবর্তনের এক বছর পর প্রকাশিত এক জরিপের ফলাফলে এই চিত্র উঠে আসে। গতকাল সোমবার দেশটির ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বিজনেস ইকোনমিক্স (এনএবিই) এই জরিপ প্রকাশ করে। বিভিন্ন খাতের মার্কিন ব্যবসায়িদের মতামত নিয়ে এই জরিপ পরিচালনা করা হয়।

এনএবিই জরিপ প্রতিবেদন জানায়, বেশ কিছু মার্কিন ব্যবসায় বলেছে বাণিজ্যিক করকর্তনের ফলে তাদের ব্যবসায় গতিশীলতা ফিরেছে। তবে ৮৪ শতাংশ ব্যবসায় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জানিয়েছেন, করকর্তন তাদের সার্বিক ব্যবসায়িক পরিকল্পনায় পরিবর্তনে উৎসাহিত করেনি। গত অক্টোবর মাসে পরিচালিত সংস্থাটির অপর এক জরিপে অংশগ্রহণকারী ৮১ শতাংশ ব্যবসায়ী একই অভিমত জানিয়েছিলেন। মূলত, ব্যবসায়িক পরিকল্পনা বলতে এখানে নতুন বিনিয়োগ, কার্যক্রম সম্প্রসারণ ইত্যাদি ইঙ্গিত করা হয়।

হোয়াইট হাউজ বলছে, বাণিজ্যিক কর ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২১ শতাংশ করার মাধ্যমে অর্থনীতিতে এক বিপুল প্রণোদনা দেয়া হয়েছে। যা ব্যবসায়ের বিনিয়োগ বৃদ্ধি এবং চাকরির বাজারকে শক্তিশালী করবে। ২০১৮ সালের জানুয়ারি মাসে এই করকর্তন কার্যকর করা হয়। তবে এনএবিই চেয়ারম্যান কেভিন সুইফট জানান, কর্পোরেট করের হার পরিবর্তনের ফলে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো যে নতুন বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টি করতে উৎসাহিত হয়নি সেটি তারা সাফ জানিয়ে দিয়েছে। যদিও, করের নিম্নহার পন্য উৎপাদনে ইতিবাচক প্রভাব ফেলেছে। জরিপে অংশ নেয়া পন্য উৎপাদনখাতের ৫০ শতাংশ ব্যবসায়ি এই অভিমত ব্যক্ত করেছেন।

২০ শতাংশ ব্যবসায়ি জানান, তারা যুক্তরাষ্ট্রের পরিবর্তে অন্যদেশে নিজেদের বিনিয়োগ এবং কর্মী নিয়োগের সংখ্যা বাড়িয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি