
ডেস্ক রিপোর্টঃ কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তানের ভূখণ্ডে ঢুকে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে বোমাবর্ষণ করেছে ভারতের বিমানবাহিনী।
পাকিস্তানের বালাকোটে সংঘটিত মাত্র ১৯ মিনিটে ভারতের এই সার্জিক্যাল স্ট্রাইকে জইশ-ই-মোহাম্মদ, লস্কর-ই-তৈয়বা ও হিজবুল মুজাহিদিনের অন্তত ৩০০ জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটি।
একই সঙ্গে লেজার নিয়ন্ত্রিত বোমার আঘাতে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে জঙ্গি গ্রুপগুলোর প্রশিক্ষণকেন্দ্র ও নিয়ন্ত্রণ কক্ষ।
গতকাল দুপুরে নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র সচিব কেশব গোখলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
এ সার্জিক্যাল স্ট্রাইকের কথা ভারতের কেন্দ্রীয় সরকার আগে থেকেই অবহিত ছিল। আর হামলাকে ‘প্রতিরোধমূলক অসামরিক পদক্ষেপ’ বলেও বর্ণনা করেন তিনি। প্রথমে পাকিস্তান এ হামলার ঘটনা অস্বীকার করলেও পরে জানায় এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে যথাসময়ে যথাস্থানে ভারতকে এর জবাব দেওয়া হবে। গত ১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ওপর সংঘটিত জঙ্গি হামলার জবাবে ভারত এ অভিযান পরিচালনা করল। পুলওয়ামার ওই হামলায় সিআরপিএফের ৪৮ সদস্য নিহত হন। পাকিস্তানি জঙ্গি গ্রুপ জইশ-ই-মোহাম্মদ পরে এ হামলার দায় স্বীকার করে। এর পর থেকেই ভারত দাবি করে আসছে, হামলার পেছনে পাকিস্তানের মদদ ছিল। যে কোনো দিন ওই হামলার শক্ত জবাব দেওয়া হবে।
টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভিসহ ভারতের শীর্ষস্থানীয় পত্রিকাগুলো বলছে মঙ্গলবার ভোরে কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা পেরিয়ে বিমানবাহিনীর ১২টি মিরাজ জঙ্গি বিমান জইশ-ই-মোহাম্মদ, লস্কর-ই-তৈয়বা ও হিজবুল মুজাহিদিনের অবস্থান লক্ষ্য করে প্রায় এক হাজার কেজি বোমাবর্ষণ করে। এতে ভারতে আরও হামলা চালানোর পরিকল্পনারত বহু সন্ত্রাসী, প্রশিক্ষক, জ্যেষ্ঠ কমান্ডার ও জিহাদি গোষ্ঠী ধ্বংস হয়েছে। এ ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতা, খেলোয়াড়, বলিউড তারকাসহ সর্বস্তরের মানুষ সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়েছেন।
দেশবাসীর উদ্দেশে বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মেদি বলেছেন, ‘ভারত নিরাপদ হাতে রয়েছে। দেশের মাথা নিচু হতে দেব না।’ পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, ভারত পাকিস্তানের বিরুদ্ধে নয়, বরং সন্ত্রাসের বিরুদ্ধে এ লড়াই লড়ছে। সফল অভিযানের জন্য আমি সেনাবাহিনীকে অভিনন্দন জানাই। এর আগে গতকাল সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে উচ্চপর্যায়ের এক বৈঠক বসে।
পরে পররাষ্ট্র সচিব বিজয় গোখলে সাংবাদিকদের সার্জিক্যাল স্ট্রাইকের খুঁটিনাটি অবহিত করেন। গোখলে বলেন, ভারতের বিভিন্ন অংশে জইশ-ই-মোহাম্মদ আরও আত্মঘাতী হামলার ছক কষছে এবং এ জন্য আত্মঘাতী জিহাদিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে আমাদের কাছে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য ছিল। এ বিষয়ে ব্যবস্থা নিতে বহুবার ভারত পাকিস্তানকে আহ্বান জানিয়েছে। কিন্তু পাকিস্তান কোনো পদক্ষেপ না নেওয়ায় আমাদের এ পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছিল। বালাকোটে জঙ্গি ঘাঁটিগুলোয় পুরোপুরি পরিকল্পনামতো হামলা চালানো হয়েছে এবং তা শতভাগ সফল বলেও দাবি করেন তিনি।
ভারতের পত্রিকাগুলো আরও দাবি করছে, বিমান হামলার পর জইশ-ই-মোহাম্মদের শীর্ষনেতা মাসুদ আজহারকে রাওয়ালপিন্ডিতে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন পাকিস্তানের সেনারা। তবে হামলায় মাসুদ আজহারের ভাই ইব্রাহিম আজহার, মাওলানা তালহা সাইফ ও শ্যালক মাওলানা ইউসুফ আজহার নিহত হয়েছেন।
এর মধ্যে ইব্রাহিম আজহার ১৯৯৯ সালে কান্দাহারে ভারতীয় বিমান ছিনতাইয়ের নেতৃত্বে ছিলেন। ওই ঘটনার পর থেকে তিনি পাকিস্তানে ছিলেন। পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, বিমান হামলার পর পরই বেলা ১১টার দিকে গুজরাটের কচ্ছ সীমান্তে একটি পাকিস্তানি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। এ ছাড়া পাকিস্তান এ হামলার জবাব দিতে পারে এ আশঙ্কায় ভারতের সেনাবাহিনীতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সীমান্তে সতর্কাবস্থায় রয়েছেন বিএসএফ সদস্যরা।
এদিকে পাকিস্তানের সেনাবাহিনী বলছে, বিরোধপূর্ণ কাশ্মীর অঞ্চলে ভারতীয় সামরিক বিমান তাদের আকাশসীমা লঙ্ঘন করেছিল।
কিন্তু পাকিস্তানি জঙ্গি বিমানের তাড়া খেয়ে পালানোর সময় তারা বালাকোটের কাছে বোমা ফেলে গেছে। কিন্তু এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর এক টুইটে বলেছেন, মুজাফফরাবাদ সেক্টর দিয়ে ভারতীয় বিমানগুলো অনুপ্রবেশ করেছিল।
ঘটনার পর নিরাপত্তা কমিটির সঙ্গে জরুরি বৈঠকে বসেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বৈঠকে দেশটির জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল জুবাইর মাহমুদ হায়াত, সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া, নৌবাহিনীপ্রধান অ্যাডমিরাল জাফর মাহমুদ আব্বাসী, বিমানবাহিনীপ্রধান এয়ার চিফ মার্শাল মুজাহিদ আনোয়ার খানসহ মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে নিরাপত্তা কমিটি এক বিবৃতিতে জানায়, ভারত আগ্রাসন চালিয়েছে, আর পাকিস্তান অবশ্যই যথাযথ সময়ে নিজেদের পছন্দ অনুযায়ী কোনো স্থানে এর জবাব দেবে। প্রধানমন্ত্রী ইমরান খান সশস্ত্র বাহিনী ও জনগণকে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলেছেন। একই সঙ্গে তিনি বিশ্বনেতাদের সামনে ভারতের এই দায়িত্বজ্ঞানহীন নীতি উন্মোচন করার সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের উরি বিমান ঘাঁটিতে হামলায় দেশটির ১৮ সৈনিক প্রাণ হারান।
এর পরই প্রত্যাঘাত হিসেবে ২৯ সেপ্টেম্বর কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তান ভূখ-ের অন্তত তিন কিলোমিটার ভেতরে গিয়ে সার্জিক্যাল স্ট্রাইক চালান ভারতীয় সেনারা। ওই ঘটনায় ২ পাকিস্তানি সেনাসহ ৪০ জঙ্গি নিহত হন বলে তখন দাবি করেছিল ভারত। কিন্তু পাকিস্তান সেবারও ঘটনার কথা অস্বীকার করে। পরে অভিযানের সত্যতা জানাতে ভারতীয় সেনাবাহিনী বেশকিছু ভিডিও প্রকাশ করে। কাশ্মীর সীমান্তে তীব্র গোলাগুলি এনডিটিভি দাবি করেছে, সার্জিক্যাল স্ট্রাইকের পর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তানি সেনারা কাশ্মীর নিয়ন্ত্রণরেখার কাছে অবস্থিত এলাকাগুলোয় মর্টার শেল ও প্রচুর গোলাবর্ষণ শুরু করেছে। বিশেষ করে নিয়ন্ত্রণ রেখার কাছে অবস্থিত আখনুর, নওসেরা ও কৃষ্ণা ঘাঁটি লক্ষ্য করে সীমান্তের ওপার থেকে মর্টার শেল ও গোলাবর্ষণ করা হচ্ছে। ভারতীয় সেনাবাহিনীও এর শক্ত জবাব দিচ্ছে।
গ্রামবাসীর ভাষ্যে ভারতীয়দের হামলা আদিল নামে জাবার এক অধিবাসী বিবিসি উর্দুকে হামলা সম্পর্কে বলেন, আনুমানিক রাত তিনটায় ভয়ানক শব্দ শুনতে পাই। আমাদের মনে হচ্ছিল আকাশে বিজলি চমকাচ্ছে বা ভূমিকম্প হচ্ছে। আমারা তখনো ঘুমাইনি, মিনিট পনেরো হবে জানতে পারলাম কনগড়ে বড় ধরনের হামলা হয়েছে। একই ধরনের ৫টি হামলা হয়েছে। আমাদের মধ্যে এ নিয়ে কথা হচ্ছিল, ঠিক মিনিট দশেক পর আবারও জেট বিমানের আওয়াজ পাই এবং ১০ মিনিট পর তা বন্ধ হয়ে যায়। এর পর আমাদের পাকিস্তানের ফাইটারের মতো আওয়াজ শুনতে পাই। ভোরে যখন আমরা আক্রান্ত এলাকায় যাই দেখি বড় গর্ত হয়ে আছে। কিছু গাছও পড়েছিল। ৫-৬টি ঘর বিধ্বস্ত হয়েছে। হামলায় আহত এক ব্যক্তিকেও দেখতে পেলাম।
























































