শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ভারতের বিভাজনমূলক নীতি দেশটির অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে : জাতিসংঘ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৩.২০১৯

ডেস্ক রিপোর্ট : ভারতের বিভাজনমূলক নীতিতে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান মিশেল বেকেলেট।

তিনি বলেন, ভারত সংখ্যালঘুদের ওপর নির্যাতন ও হয়রানিমূলক যে নীতি গ্রহণ করেছে তা দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধিকে লক্ষ্যবস্তুতে পৌঁছাতে দেবে না।

বুধবার জাতিসংঘ মানবাধিকার পরিষদের বার্ষিক প্রতিবেদনে বেকেলেট বলেন, ভারত ইতোমধ্যেই একটি অসম সমাজ ব্যবস্থার দেশে পরিণত হয়েছে। দেশটি তাদের প্রান্তিক জনগোষ্ঠী, আদিবাসী ও মুসলিমসহ অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে সংকীর্ণ রাজনৈতিক বিভাজনমূলক নীতিমালা অনুসরণ করে আসছে।

তিনি আরো বলেন, ‘ভারত দেশটির সুবিধাবঞ্চিত, দলিত ও আদিবাসীদের মতো প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি অব্যাবহতভাবে হয়রানিমূলক আচরণ বাড়াচ্ছে বলে আমাদের কাছে প্রতিনিয়তই প্রতিবেদন আসছে।’

এদিকে এক বিবৃতিতে বেকেলেটের অভিযোগগুলো ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ভারতের ক্ষমতাসীন হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপির মুখপাত্র শাহনেওয়াজ হুসাইন।

তিনি বলেন, ‘ভারতের ভাবমূর্তি কলঙ্কিত করার জন্যই এমন অভিযোগ আনা হয়েছে। তাই আমরা এ অভিযোগ প্রত্যাখ্যান করছি। ভারত মুসলিমদের জন্য সর্বোত্তম দেশ এবং হিন্দুরা এখানে তাদের সর্বোত্তম বন্ধু।’

ভারতের বিরুদ্ধে বেলেকেটের সতর্কতা এমন সময় উত্থাপন করা হলো হলো যখন একদিন আগেই দেশটির বিরুদ্ধে মানবাধিকার লংঘনের একাধিক অভিযোগ জাহির করেছে অধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি জানিয়েছে যে, ভারতে সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর ওপর বিদ্বেষমূলক অপরাধ, নির্যাতন ও ধর্ষণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে।

গত বছর ইংরেজি ও হিন্দি ভাষার গণমাধ্যমগুলোর প্রতিবেদনের ভিত্তিতে অ্যামনেস্টি একটি বিস্তৃত নথি প্রস্তুত করেছে। তাতে ২০১৮ সালে ভারতে মোট ২১৮টি বিদ্বেষমূলক অপরাধ রেকর্ড করা হয়েছে। এই অপরাধগুলোর মধ্যে ১৪২টিতে ভুক্তভোগী হয়েছেন নিম্নবর্ণের দলিতরা এবং আরো ৫০ টি ঘটনার শিকার হয়েছেন মুসলিমরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি