ডেস্ক রিপোর্ট : প্রায় ৮ বছর ধরে চলমান গৃহযুদ্ধে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) সদস্যদের সিরিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ দের-ই-জোরের বাগুজ এলাকায় কোণঠাসা করা হয়েছিলো গত বছরই। আইএস-অধিকৃত সর্বশেষ এলাকাটি পুনরুদ্ধার করার পর তাদের ৪ শতাধিক সদস্যকে আটক করা হয়েছে এবং আরো কয়েকশ আত্মসমর্পণ করেছে বলে বুধবার জানিয়েছে মার্কিন সমর্থিত কুর্দি যোদ্ধারা।
এসডিএফ বাগুজে আইএস’র সর্বশেষ ঘাঁটিটিও দখলমুক্ত করায় সন্ত্রাসীরা এখন পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। কয়েকশ সন্ত্রাসী ইতোমধ্যেই আত্মসমর্পণ করেছে, আবার অনেকেই আত্মসমর্পণ করতে চাচ্ছে না বলে এসডিএফ’র একজন জ্যেষ্ঠ কমান্ডার জানিয়েছেন।
তিনি জানান, বাগুজ থেকে পালিয়ে যাওয়ার সময় বুধবার ২ হাজার মানুষকে আটক করা হয়েছে। তাদের এখন জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হচ্ছে। তবে এখনো সৃষ্টিকর্তা তাদের সঙ্গে আছে এবং তারা স্থায়ীভাবে টিকে থাকবে বলে আটক হওয়া আইএস সন্ত্রাসীরা শ্লোগান দিচ্ছে।
উল্লেখ্য, সিরিয়ায় আইএস’কে নির্মূলের দাবি করে মার্কিন সৈন্য প্রত্যাহারে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশের পর সেখানে ব্যাপক অভিযান চালিয়ে যাচ্ছে মার্কিন সমর্থিত কুর্দি যোদ্ধা সংগঠন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স (এসডিএফ)।

























































