শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বাখমুত থেকে ড্রোন ইউনিট সরিয়ে নিল ইউক্রেন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৩.২০২৩

আন্তর্জাতিক ডেস্ক:

সামরিক দৃষ্টিকোণ থেকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাখমুত শহরের নিয়ন্ত্রণ নিয়ে রাশিয়া ও ইউক্রেনীয় বাহিনীর মধ্যে তুমুল যুদ্ধ চলছে বেশ কিছু দিন ধরে। আস্তে আস্তে হলেও শহরটির নিয়ন্ত্রণ নেওয়ার দিকে অগ্রসর হয়েছে রুশ বাহিনী।

এমন প্রেক্ষাপটে দোনেৎস্ক অঞ্চলের এই শহরটি থেকে নিজেদের ড্রোন ইউনিট দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে ইউক্রেন। দেশটির এক কমান্ডারের বরাত দিয়ে এমন খবর দিয়েছে কিয়েভের প্রধান মিত্র খোদ যুক্তরাষ্ট্রের গণমাধ্যম।

সিএনএন জানিয়েছে, শুক্রবার টেলিগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে ইউক্রেনের ওই কমান্ডার বলেছেন, বাখমুতে অবস্থিত একটি ইউক্রেনীয় ড্রোন রিকনেসান্স ইউনিটকে অবরুদ্ধ পূর্বাঞ্চলীয় শহরটি ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রবার্ট ব্রোভডি নামের এই কমান্ডার বলেছেন, ‘গভীর রাতে মাদিয়ার বার্ডস ইউনিটকে অবিলম্বে বাখমুত ছেড়ে নতুন একটি যুদ্ধ-অভিযানে অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়।’

তিনি বলেন, ‘আমরা আদেশ অনুসরণ করছি।’ তবে কেন ইউনিটটি সরানো হচ্ছে, তা তিনি জানেন না বলেও উল্লেখ করেন ব্রোভডি।

প্রসঙ্গত, রাশিয়ান বাহিনী গত কয়েক দিন ধরে বাখমুতের দিকে অগ্রসর হয়েছে। তবে শহরটির নিয়ন্ত্রণ নিয়ে বিগত কয়েক মাস ধরে তীব্র গোলাবর্ষণ এবং বিধ্বস্ত শহরটির চারপাশে দুই পক্ষের লড়াই চলছে।

বিশ্লেষকরা বলছেন, দোনেৎস্ক অঞ্চলের উত্তর-পূর্ব দিকে অবস্থিত গুরুত্বপূর্ণ এ শহরটির নিয়ন্ত্রণ নিতে পারলে রাশিয়ার জন্য যুদ্ধে বিজয় লাভ করা অনেকটা সহজ হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি