ইয়েমেন উপকূলে নৌকাডুবি: ৬৮ অভিবাসীর মৃত্যু, নিখোঁজ ৭৪
ইয়েমেন উপকূলে একটি নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ৬৮ জন আফ্রিকান অভিবাসী প্রাণ হারিয়েছেন। এখনও নিখোঁজ রয়েছেন আরও ৭৪ জন। স্থানীয় সময় রোববার, ৩ আগস্ট এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।
আইওএম-এর ইয়েমেন প্রধান আবদুসত্তোর এসোয়েভ বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-কে জানান, ইথিওপিয়ার ১৫৪ জন অভিবাসী নিয়ে নৌকাটি এডেন উপসাগর পাড়ি দেওয়ার সময় আবইয়ান প্রদেশের খানফার জেলার উপকূলে ডুবে যায়।
তিনি আরও জানান, ডুবে যাওয়া নৌকাটির ৫৪ জন যাত্রীর মরদেহ উপকূলের বিভিন্ন স্থানে ভেসে ওঠে। অপর ১৪ জনের মরদেহ উদ্ধার করে দক্ষিণ ইয়েমেনের আবইয়ান প্রদেশের রাজধানী জিনজিবারের একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
মাত্র ১২ জন অভিবাসী এ দুর্ঘটনা থেকে জীবিত ফিরে এসেছেন বলে জানান এসোয়েভ। নিখোঁজ ব্যক্তিদের মৃত বলেই আশঙ্কা করা হচ্ছে।
এ ঘটনায় আবইয়ান সুরক্ষা অধিদপ্তর জানিয়েছে, তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। উপকূলজুড়ে ছড়িয়ে থাকা মৃতদেহ উদ্ধার করে স্থানীয় কর্তৃপক্ষ।
সূত্র: মেহের নিউজ



















































