শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » দুর্নীতির টাকার ভাগ মা-ছেলেকে দিতে হতো : প্রধানমন্ত্রী


দুর্নীতির টাকার ভাগ মা-ছেলেকে দিতে হতো : প্রধানমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:খালেদা জিয়া ক্ষমতা থাকাকালে দুর্নীতির ভাগের টাকা দুই ভাগে দিতে হতো জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এক ভাগ খালেদা জিয়াকে আরেক ভাগ দিতে হতো পুত্র তারেক রহমানকে।’

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে শনিবার (১১ মার্চ) দুপুরে যুব মহিলা লীগের সম্মেলনে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘খালেদা জিয়া ক্ষমতায় আসার পরে বাংলাভাই সৃষ্টি হয়েছে। জঙ্গিবাদ সৃষ্টি হয়েছে। আর দুর্নীতির হাওয়া ভবন, গাজীপুরের হাব ভবন। এ দুই ভবনে টাকা না দিয়ে কেউ ব্যবসা করতে পারত না। প্রধানমন্ত্রীর অফিসেও উন্নয়ন মানি দিতো হতো। টাকা আবার একতরফা দিলে হতো না। মায়ের ভাগ ও পুত্রের দুই ভাগ দিতে হতো। মায়ের ভাগ যাবে ফালুর কাছে আর পুত্রের ভাগ যাবে মামুনের কাছে। এ ছিল তখনকার ব্যবস্থা। এভাবে দুর্নীতি করে গেছে, দেশের কোনো উন্নয়ন করে যায়নি।’

তিনি বলেন, ‘এর পর ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর এ দেশের মানুষ কিছুটা স্বস্তি পেয়েছে। ভাগ্যের উন্নতি হয়েছে। ছিয়ানব্বই সালে ক্ষমতায় এসে সাতানব্বই সালে আমরা নারী নীতিমালা তৈরি করি। নারী উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করি। বাংলাদেশে প্রথম সচিব, মহিলা জজ, মহিলা এসপিসহ বিভিন্ন পদে আমরাই নিয়োগ দিয়েছি। এভাবেই আমরা আমাদের মেয়েদেরকে বিভিন্ন পদে স্থান করে দিয়েছি। তারা তাদের যোগ্যতার প্রমাণ দিচ্ছে।’

যুব মহিলা লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০০৪ সালের ৫ মার্চ। ওই সম্মেলনে নাজমা আক্তার সভাপতি ও অপু উকিল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এক যুগ পরে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এক হাজার ৬০০ জন সম্মেলনে যোগ দিয়েছেন বলে জানা গেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি