
পূর্বাশা ডেস্ক:বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বাংলাদেশ সরকার দাবি করে, এখন ভারত-বাংলাদেশ সম্পর্ক উষ্ণতম পর্যায়ে আছে। তাহলে প্রতিরক্ষা চুক্তি বা সমঝোতা চুক্তির কোনো প্রয়োজনীয়তা আছে বলে বিএনপি মনে করে না।’
৭ এপ্রিল শুক্রবার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ সব কথা বলেন তিনি।
তিনি বলেন, বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ তিস্তা নদীর পানিসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়, সীমান্ত হত্যা বন্ধ করা এবং বাণিজ্য বাধা অপসারণ করা। এসব দ্বিপক্ষীয় সমস্যার সমাধান না হলে প্রতিরক্ষা চুক্তি বা সমঝোতা কোনোটাই বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না।
তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিরোধী কোনো চুক্তি দেশের মানুষ মেনে নেবে না।
এর আগে, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব। সে সময় তার সঙ্গে ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলসহ দলের নেতা-কর্মীরা।
রুবেল মজুমদার

























































