
ঘূর্ণিঝড় মোরা দুর্গত এলাকায় অবিলম্বে ত্রাণসামগ্রী পাঠানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বলেছেন, ‘ঘূর্ণিঝড় আক্রান্ত জনগণ বিশুদ্ধ খাবার পানি, খাবার, ওষুধ ও আশ্রয়ের সংকটে নিপতিত হয়ে পড়ায় তারা মানবেতর জীবনযাপন করছেন জেনে দেশবাসীর মতো আমিও উদ্বিগ্ন।’
মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন খালেদা জিয়া।
খালেদা জিয়া বলেন, ‘ঘূর্ণিঝড় ‘মোরা’র আঘাতে দেশের উপকূলীয় এলাকায় ছয়জনের অধিক মানুষের করুণ মৃত্যু এবং হাজার হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে লাখ লাখ মানুষ আশ্রয়হীন হয়ে পড়ার দুঃখজনক খবরে আমি গভীরভাবে ব্যথিত হয়েছি। অধিকাংশ ক্ষেত্রে যোগাযোগব্যবস্থা ছাড়াও বিদ্যুৎব্যবস্থা বিপর্যস্ত ও নাজুক হয়ে পড়েছে।’
বিএনপি নেত্রী বলেন, ‘ঘূর্ণিঝড় মোরা আক্রান্ত উপদ্রুত এলাকাগুলোর মানুষদের পাশে দাঁড়ানোসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এখন অত্যন্ত জরুরি। এখন পর্যন্ত সরকার উল্লেখযোগ্য ত্রাণতৎপরতা চালাতে ব্যর্থ হয়েছে, এটা খুবই দুঃখজনক।’
পূর্বাশানিউজ/৩১-,মে ২০১৭/রুমকী

























































