
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করার অভিযোগে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের কুশপুত্তলিকা দাহ করেছে বেগম রোকেয়া বিশ^বিদ্যালয় শাখা ছাত্রলীগ। মঙ্গলবার রাত এগারোটার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ শেষে পার্কমোড়ে সংক্ষিপ্ত সমাবেশের পর ইমরান এইচ সরকারের কুশপুত্তলিকা দাহ করে ছাত্রলীগ নেতাকর্মীরা। এসময় ইমরান এইচ সরকারের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেয় তারা।
বিক্ষোভ শেষে সমাবেশে বক্তব্য রাখেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়া ও সাধারণ সম্পাদক নোবেল শেখ।
তুষার কিবরিয়া ইমরান এইচ সরকারকে রংপুরে অবাঞ্চিত ঘোষণা করে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ইমরানকে পথ দেখিয়েছে। আর সে এখন জামায়াত নেতাদের সাথে আঁতাত করে অর্থের লোভে প্রধানমন্ত্রী সম্পর্কে কটূক্তি করছে। ইমরান প্রধানমন্ত্রীর কাছে নমিনেশন চেয়েছিল। তাকে নমিনেশন না দেয়ায় সে আওয়ামী লীগের বিরুদ্ধাচারণে মেতে উঠেছে।
সাধারণ সম্পাদক নোবেল শেখ বলেন, স্লোগান শুধু মিছিলের নয়, ইমরানকে সামনে পেলে এই স্লোগানকে বাস্তবে পরিণত করা হবে।
পরে বিশ্ববিদ্যালয়ের ১ নং গেটে লাগানো বিএনপি নেতা হাবীব উন নবী খান সোহেলের একটি ব্যানার নামিয়ে দেয় ছাত্রলীগ কর্মীরা।
পূর্বাশানিউজ/৩১-,মে ২০১৭/রুমকী

























































