
লন্ডনের বহুতল ভবন গ্রিনফেল টাওয়ারে অগ্নিকাণ্ডের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও ভবনটিতে বসবাসরত বাঙালি পরিবারের সন্ধান এখনো পাওয়া যায়নি।
জানা গেছে, পশ্চিম লন্ডনে যে বহুতল ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে, সেখানে মৌলভীবাজারের বাসিন্দা কমরু মিয়া (৯০), তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে নিয়ে ভবনটির একটি ফ্ল্যাটে স্বপরিবারে বসবাস করতেন।
কমরু মিয়ার ভাতিজা যুক্তরাজ্যেরই চেলসির বাসিন্দা আবদুর রহিম বলেন, রাত সোয়া ১টার দিকে তানিমার (কমরু মিয়ার কন্যা) ফোনে আগুন লাগার খবর পাই। গাড়ি নিয়ে ২০ মিনিটের মধ্যে যাই গ্রেনফেল টাওয়ারের সামনে, তখন সেখানে আগুন জ্বলছিল। হাকিমও (কমরু মিয়ার বড় ছেলে, তিনি স্ত্রী নিয়ে আলাদা থাকতেন) ততক্ষণে চলে আসে।
আবদুর রহিম আরও জানান, আগুন লাগার পর রাতে তার চাচাত বোনের (তানিমার) সঙ্গে তার টেলিফোনে কথা হয়েছিল। তখন তিনি বাঁচার আকুতি জানাচ্ছিলেন।

তনিমা বলছিল, আমরা সবাই এখন বাথরুমে, আমাদের বের হওয়ার কোনো উপায় নেই, দোয়া করেন আমাদের যেন কষ্টে মৃত্যু না হয়।
তিনি জানান, রাত আড়াইটা পর্যন্ত তানিমার সঙ্গে কথা বললেও তারপর থেকে সবার ফোন বন্ধ পাচ্ছি।
হাকিমকে নিয়ে সকাল ৮টা পর্যন্ত ভবনের সামনেই ছিলেন বলে জানান রহিম। পরে দুজনে লন্ডনের বিভিন্ন হাসপাতালে গিয়েও খোঁজ পাননি স্বজনদের।
আবদুর রহিম আরও জানান, ওই ভবনটিতে আরও দু-একটি বাঙালি পরিবার থাকেন বলে চাচার কাছে শুনেছিলেন তিনি। তবে কারও সম্পর্কে বিস্তারিত কিছু তিনি জানেন না।
প্রসঙ্গত, যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের গ্রীনফেল টাওয়ারে স্থানীয় সময় বুধবার মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১২ জন নিহতসহ বহু সংখ্যক নিখোঁজ রয়েছে। ঘটনায় উদ্ধার ৭০ জনকে শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে যাদের ১৮ জনের অবস্থা আশঙ্কাজনক। শেষ খবরর পাওয়া পর্যন্ত ওই ভবনের কিছু স্থানে এখনো আগুন জ্বলছে এবং এখনো উদ্ধার অভিযান চলছে। ১৯৭৪ সালে নির্মিত ২৭ তলা এই ভবনে ১২০টি আবাসিক ফ্ল্যাট ছিল যার ১৪২ নম্বর ফ্ল্যাটে নিখোঁজ কমরু পরিবার থাকতেন।
























































