শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ভারতের রাষ্ট্রপতি পদে স্বামীনাথনকে সমর্থন করতে পারে কংগ্রেস


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ভারতে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে রামনাথ কোবিন্দের নাম ঘোষণা করেছে। কংগ্রেসসহ বিরোধী দলগুলির বেশিরভাগই কোবিন্দকে সহমতের প্রার্থী বলে মানতে নারাজ।

এই অবস্থায় দেশটির রাষ্ট্রপতি পদের নির্বাচনে কোবিন্দের বিরুদ্ধে প্রার্থী হিসেবে বিরোধীদের প্রথম পছন্দ হতে পারেন প্রখ্যাত কৃষিবিজ্ঞানী এমএস স্বামীনাথন। এমনটাই সূত্রের খবর। উল্লেখ্য, এনডিএ শরিক শিবসেনা আগেই স্বামীনাথনের নাম প্রস্তাব করেছে। যদিও প্রাথমিকভাবে তারা আরএসএস প্রধান মোহন ভাগবতের নাম তুলেছিল।

শিবসেনার পছন্দের প্রার্থীকে সমর্থন করে লড়াইটা বিজেপি শিবিরে পৌঁছে দেওয়ার কৌশল কংগ্রেস নিয়েছে বলে মনে করা হচ্ছে। শিবসেনার সঙ্গে বিজেপির সম্পর্ক ২০১৪-র লোকসভা ভোটের সময় থেকেই আদায়-কাঁচকলায়।

উল্লেখ্য, দেশটির রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে লোকসভার প্রাক্তন অধ্যক্ষ মীরা কুমার, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুশীল কুমার শিন্ডে, ড. বি আর আম্বেডকরের নাতি তথা ভারিপা বহুজন মহাসংঘ নেতা প্রকাশ যশবন্ত এবং অবসরপ্রাপ্ত আমলা তথা মহাত্মা গান্ধীর বংশধর গোপাল কৃষ্ণ গান্ধীর নামও বিরোধীদের বিবেচনায় রয়েছে।

সূত্রের খবর, দুটি গুরুত্বপূর্ণ দল শিন্ডেকে প্রার্থী করার হয়ে সওয়াল করছে। কারণ, শিন্ডে মহারাষ্ট্রর নেতা এবং মহারাষ্ট্রের দল শিবসেনা এখনও তাদের অবস্থান ঘোষণা করেনি।

ওই দুই দলের বক্তব্য, দেশটির রাষ্ট্রপতি নির্বাচনে শিবসেনাকে বিরোধী শিবিরে রাখার কৌশল অবলম্বন করতে হবে। আম্বেডকরের নাতিও মহারাষ্ট্রর বাসিন্দা। তাই তাঁর নামও অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।

পূর্বাশানিউজ/২১,জুন ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি