
পূর্বাশা ডেস্ক:
আওয়ামী লীগ মনে করছে বেগম জিয়াকে নির্বাচনের বাইরে রাখতে পারলে বিএনপি ক্ষেপে গিয়ে নির্বাচন বর্জন করবে। আর তারা ২০১৪ সালে মতো আরেকটি নির্বাচন করে ক্ষমতা ধরে রাখবে। বেগম জিয়ার দল এই কৌশল ধরতে পেরেছে। তাই তারা নির্বাচনে যাওয়ার সব প্রস্তুতি নিচ্ছে। তবে যদি বেগম জিয়াকে নির্বাচনের বাহিরে রাখা হয় তবে দেশ বড় ধরণের সমস্যার সম্মুখিন হবে। টিভিএনএ’র সাথে একান্ত আলাপে এসব কথা বলেন নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না।
তিনি বলেন, বেগম জিয়ার রায়কে যারা আইনের শাসন বলছেন তারা আইনের সাথে ফাইজলামি করছেন। আর যারা বলছেন রাজনৈতিক প্রতিহিংসা তাদের কথায় সত্যতা রয়েছে। সরকার যে মতলবে বেগম জিয়াকে কারারুদ্ধ করেছে তা পুরোপুরি ব্যর্থ হয়েছে। বেগম জিয়াকে কাররুদ্ধ করা দুর্নীতি বিরোধী অভিযান এমনটা মনে করছে না জনগণ। যেভাবে তাকে কারাগারে নেওয়া হয়েছে এবং যে অবস্থায় তাকে রাখা হয়েছে মানুষ মনে করছে এটা আসলেই রাজনৈতিক প্রতিহিংসা । এতে বেগম জিয়া জনপ্রিয়তা আগের চেয়ে অনেকগুণ বেড়েছে। সরকার যদি কৌশল করে বেগম জিয়াকে নির্বাচনের বাহিরে রাখে তাহলে দেশে বড় ধরণের জটিলতা সৃষ্টি হবে।
মান্না বলেন, বেগম জিয়া জেলে গিয়েও বলছেন যতকিছুই হোক আমরা শেষ লড়াই নির্বাচনে করবো। নেতাকর্মীদের বলেছেন, তোমরা মুক্তির দাবিতে আন্দোলন করো কিন্তু বিশৃঙ্খলা করবে না। এখন এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে আওয়ামী লীগকে বলতে হবে তোমরা নির্বাচন করতে পারবে না। প্রধানমন্ত্রী বলছেন কেউ নির্বাচনে আসুক বা না আসুক নির্বাচন হবেই। কেউ ঠেকাতে পারবে না। এর দ্বারা প্রধানমন্ত্রী বিএনপিকেই ইঙ্গিত করেছেন।
তিনি বলেন, নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংগ্রহণমূলক নির্বাচন জাতিকে উপহার দেওয়া। সে লক্ষ্যে নির্বাচন কমিশনকে যথাযথ উদ্যোগ গ্রহণ করতে হবে। যদি তারা এতে ব্যর্থ হয় তাহলে সকল সমস্যার দায়ভার তাদের উপর বর্তাবে।
তিনি বলেন, আ.লীগ বিচারের কথা বলছে, আইনের শাসনের কথা বলছে। আসলে দেশে আইনের শাসন বিদ্যমান নেই। বাংলাদেশের ব্যাকিং খাত ধ্বংস হচ্ছে। শেয়ার বাজার আগেই ধ্বংস হয়েছে। দেশের অর্থনীতি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। এর পেছনের হোতাদের বিচারের মুখোমুখি করা হচ্ছে না।

























































