
ডেস্ক রিপোর্ট :
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, ‘নৌকায় ভোট চাওয়া আমার রাজনৈতিক অধিকার। আমি যেখানেই যাব অবশ্যই আমার দলের জন্য ভোট চাইব।’
৩১ মার্চ শনিবার গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় প্রধানমন্ত্রী এই কথা বলেন।
‘আমি একটি রাজনৈতিক দলের প্রধান। তাই আমি যেখানেই যাব অবশ্যই আমার দলের জন্য ভোট চাইব।’ দৃপ্ত কণ্ঠে উচ্চারণ করেন তিনি।
শেখ হাসিনা বলেন, ‘আগামী নির্বাচন যথাসময়েই হবে আর এসময় দেশের মানুষের কাছে যেতে হবে।
জনগণকে আমাদের বোঝাতে হবে যে শুধু নৌকায় ভোট দেওয়াই তাদের জীবনকে উন্নত করতে পারে।’
বিএনপির নেতারা প্রতিনিয়ত বিভিন্ন সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর নৌকায় ভোট চাওয়ার সমালোচনা করেছেন। তারই প্রেক্ষিতে তিনি এ কথা বললেন।
সভার শুরুতে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা জানান দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতারা। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাচ্ছেন ওবায়দুল কাদের।
দেশের উন্নয়ন করা আওয়ামী লীগের দায়িত্ব উল্লেখ করে নেত্রী বলেন, ‘দেশের কাজ করার জন্য গণমানুষের বিশ্বাসই আমাদের প্রধান চালিকা শক্তি। নৌকায় ভোট দিয়েই দেশের মানুষ স্বাধীনতা পেয়েছে, রাষ্ট্রভাষা বাংলা পেয়েছে আর দেশের উন্নতির ছোঁয়াটাও নৌকা মার্কায় ভোট দিয়েই পেয়েছে। কাজেই এই কথাটা সকলকে বলতে হবে যে আমরা নৌকা মার্কায় ভোট চাই আর দেশের উন্নয়ন করার সুযোগ চাই।’
বক্তব্যের এক পর্যায়ে বিএনপির সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ‘বিএনপি ক্ষমতায় আসে ভোগ-বিলাস করতে, অর্থসম্পদ বানাতে আর মানুষ খুন করতে। ওই বিএনপি-জামায়াত জোট মানুষ পুড়িয়ে মারতে পারে, মানুষের ক্ষতি করতে পারে—মানুষকে অত্যাচার করাই তাদের কাজ। আর আওয়ামী লীগের কাজ হচ্ছে দেশকে শান্তিপূর্ণ করে প্রতিষ্ঠা করা। মানুষকে সেবা করাই আওয়ামী লীগের কর্তব্য। এই সেবা করার সুযোগটাই আমরা চাই।’
প্রাচ্য ও পাশ্চাত্যের মাঝে সেতুবন্ধ তৈরি করে বাংলাদেশ আরও উন্নতি করতে পারে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কারণে এখানে আমরা অনেক কাজ করতে পারি। যার মাধ্যমে আমরা নিজেরাই অর্থ উপার্জনের পথ করে নিতে পারি। কিন্তু এদিকে কেউ কখনো দৃষ্টি দেয়নি। প্রাচ্য ও পাশ্চাত্যের মাঝে সেতুবন্ধ করার দায়িত্বটা বাংলাদেশ নিতে পারে। সেখান থেকেই আমাদের বিরাট অর্থনৈতিক অর্জন হতে পারে। কিন্তু এগুলো কখনো কেউ সেভাবে বোঝেওনি, ভাবেওনি।’
নিজ সরকারের কাজের প্রশংসা করে তিনি বলেন, ‘বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি, এগিয়ে নিয়ে যাব। আজকে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে উন্নীত হয়েছি। একদিন আমরা উন্নত দেশ হিসেবে স্বীকৃতি পাব। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ দারিদ্র ও দুর্ভিক্ষমুক্ত দেশে পরিণত হবে। ২০২১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ দেশ হবে বাংলাদেশ।’
সভায় আরও উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, সাহারা খাতুন প্রমুখ।

























































