শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ফেনীতে বিএনপির র‍্যালিতে হামলা, আহত ১৫ জন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৮.২০২৫

ডেস্ক রিপোর্ট:

গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে ফেনীর দাগনভূঞা উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত বিজয় মিছিলে হামলার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৫ আগস্ট) এ হামলার ঘটনা ঘটে।

উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন বলেন, র‍্যালিটি চৌমুহনী রোড থেকে দাগনভূঞা পৌর শহরের জিরোপয়েন্টে পৌঁছয়। সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ফটিকের নেতৃত্বে একদল সন্ত্রাসী মিছিলে পেছনের অংশে অতর্কিত হামলা করে।

তিনি আরো বলেন, বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার সকালে দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপি গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে এ বিজয় র‍্যালির আয়োজন হয়। মিছিলটি জিরো পয়েন্টে আসার সময় পেছন থেকে মিছিলে থাকা নেতাকর্মীদের মোবাইল ছিনিয়ে নেওয়া হয় এবং তাদের মারধর করা হয়। ওই হামলাকারী সন্ত্রাসীদের সঙ্গে অংশ নেয় পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সাইফুর রহমান স্বপন, আবুল হাশেম বাহাদুর ও ছাত্রদল থেকে বহিষ্কৃত এক সন্ত্রাসী।

বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশ নেওয়া র‍্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আসার পথে সন্ত্রাসীরা পেছন থেকে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে।

তাদের অতর্কিত এ হামলায় উপজেলা মহিলা দলের সভাপতি জাহান আরা বেগম, ছাত্রদলের আহ্বায়ক সাইমুন হক রাজীব, সদস্য সচিব তৌহিদুল ইসলাম মানিক, ইঞ্জিনিয়ার সোহেল ও সরোয়ারসহ ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপিকে সাধারণ মানুষের কাছে বিতর্কিত করতেই এই ষড়যন্ত্রকারীরা আওয়ামী এজেন্ডা বাস্তবায়ন করার লক্ষ্যে তারা বিএনপির সাধারণ নেতাকর্মীদের ওপর হামলা করেছে। আমরা তাদের এই ষড়যন্ত্র সফল হতে দেব না। তাদের এই ষড়যন্ত্রে পা দিয়ে আমরা কোনো ধরনের বিশৃঙ্খল ঘটনার সৃষ্টি করব না। আমরা ধৈর্যধারণ করছি, প্রয়োজনে আরো করে যাব।

বিএনপির বিজয় র‍্যালিতে হামলার বিষয়ে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সাইফুর রহমান স্বপন বলেন, ‘আমরা আমাদের নেতাকর্মীদের নিয়ে জিরো পয়েন্টে রক্তদান কর্মসূচি পালন করছিলাম। এ সময় মিছিল নিয়ে যাওয়ার সময় মিছিল থেকে তাদের কিছু নেতাকর্মী আমাদের কটাক্ষ করে মন্তব্য করায় তখন আমাদের সঙ্গে থাকা নেতাকর্মীরা তাদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। পরে আমরা তা নিভৃত করি। আমাদের নেতৃত্বে হামলা হয়েছে এ অভিযোগটি সত্য নয় বরং তাদের হামলায় আমাদের বেলাল, সিফাত, মিলনসহ ৫/৬ জন নেতাকর্মী আহত হয়েছে।

দাগনভূঞা থানার ওসি মোহাম্মদ ওয়াহিদ পারভেজ জানান, বিএনপির বিজয় র‍্যালিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে দাগনভূঞা থানা পুলিশ তাৎক্ষণিক তা নিভৃত করে। বর্তমান পরিস্থিতি তদন্ত করছে পুলিশ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি