
মালয়েশিয়ার কেদাহ রাজ্যের ইমিগ্রেশন বিভাগ (JIM) ও অন্যান্য বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় পদাং সেরাই অঞ্চলের দুটি স্থানে ‘অপারাসি মাহির’ নামে একটি সমন্বিত অভিযান পরিচালিত হয়েছে। গতকাল ১৩ আগস্ট এই অভিযানে দেশটির ইমিগ্রেশন বিভাগ বিভিন্ন দেশের ২৫২ জন অভিবাসীর তথ্য যাচাই বাছাই করে। তাদের মধ্যে অভিবাসন আইন না মানাসহ কয়েকটি অপরাধে বিভিন্ন দেশের ৬৪ জনকে আটক করেছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশটির কেদাহ ইমিগ্রেশন বিভাগ জানায়, আটককৃত ৬৪ জনের মধ্যে ২৮ জন বাংলাদেশি, ১৬ জন চীনা নাগরিক, ১৮ জন মিয়ানমার, ১ জন ভারতীয় এবং ১ জন ইন্দোনেশীয় নাগরিক রয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে ভিসার অপব্যবহার, সময়ের অতিরিক্ত অবস্থান এবং সঠিক ভ্রমণ ডকুমেন্ট না থাকার অভিযোগ রয়েছে।
কেদাহ ইমিগ্রেশন বিভাগ আরো জানায়, মালয়েশিয়ায় অবৈধ শ্রমিক ও অবৈধ নিয়োগকারীদের বিরুদ্ধে সরকারের কঠোর পদক্ষেপের প্রতিফলন এই অভিযান। তারা ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের অভিযান চালিয়ে যাবে।




















































