শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ব্রাহ্মণপাড়ায় কসাই জাকিরকে হত্যার সন্দেহে ৪ জন আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.১১.২০১৪

অপু খান/ ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়াঃ কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার নাইঘর নোয়াপাড়া গ্রামে গত সোমবার রাতে কসাই জাকিরকে জবাই করে হত্যা করায় সন্দেহভাজন ৪ জনকে আটক করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার মধ্য রাতে থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার বড়–য়ার নের্তৃত্বে পুলিশের একটি দল উপজেলার নাইঘর নোয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে আবু তাহের মেম্বারের ছেলে মোঃ জামাল হোসেন (৩০), তার ভাই মোঃ কামাল (৪০), একই গ্রামের শাহআলমের ছেলে মোঃ সুজন (২০) এবং মোঃ ময়নল হোসেনের ছেলে মোঃ মনির (২৫)কে আটক করে থানায় নিয়ে আসে। থানার (ওসি) উত্তম কুমার বড়–য়া সাংবাদিকদের জানান, গত ৫ মাসে একই পরিবারের দুই ভাইকে কুপিয়ে নির্মমভাবে হত্যার সাথে আটককৃতরা জড়িত আছে কি না থানায় রেখে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খুব অল্প সময়ের মধ্যেই প্রকৃত খুনীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচার করা হবে বলে তিনি জানান। উল্লেখ্য গত জুন মাসের ২ তারিখ রাতে উপজেলার নাইঘড় নোয়াপাড়া গ্রামের আবদুর রহমানের ছেলে কসাই কাশেমকে ব্রাহ্মণপাড়া পশু হাসপাতালের পেছনে পুকুরের পারে কে বা কারা চাপাতি দিয়ে এলোপাতারী কুপিয়ে খুন করে। এর পরদিন তার ভাই জাকির হোসেন(৪০) বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করে। কাসেম হত্যার ৫ মাস পর গত ১৮ নভেম্বর মঙ্গলবার ভোরে কাসেম হত্যা মামলার বাদী তার বড় ভাই কসাই জাকিরের গলা কাটা লাশ তার বাড়ীর পাশে ডীপ মেসিনের ড্রেন থেকে উদ্ধার করেছে পুলিশ। দূর্বৃত্তরা তার গলায় ছুরি দিয়ে তাকে জবাই করে হত্যা নিশ্চিত করেছে। এছাড়া তার বুকের ডান পাশে ছুরির দুটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সোমবার রাতের কোন এক সময় তাকে হত্যার পর হত্যাকারীরা ড্রেনের আগাছা, ঘাস এবং মাটি দিয়ে চাপা দিয়ে রাখে। সকাল সাড়ে ৭টায় ঐ এলাকা দিয়ে মাদ্রাসার এক ছাত্র হেটে যাবার সময় লাশ দেখে চিৎকার শুরু করলে এলাকার লোকজন ছুটে আসে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে ঐ দিনই বাদ মাগরিব নাইঘর কেন্দ্রীয় ইদগাহ মাঠে নামাজের জানাযা শেষে নাইঘর কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত গতকাল ১৯ নভেম্বর বুধবার থানায় কোন মামলা হয়নি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি